২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেপ্তার

আদালতের আদেশ অমান্য করায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

কলম্বো, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আদালতের আদেশ অমান্য করায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের আদেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকাল পৌনে দশটায় তাকে মালদ্বীপের ছোট একটি দ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মুখপাত্র হাসান হানিফ জানিয়েছেন, রোববার আদালতের ইস্যু করা এক আদেশ অনুযায়ী নাশিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাশিদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি। “তাকে একটি দ্বীপে আটক রাখা হয়েছে। এখান থেকে তাকে মালে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার বিকেল চারটায় তাকে আদালতে হাজির করা হবে,” বলেন হাসান। কিছুদিন আগে নাশিদকে ‘দ্বীপবন্দি’ থাকার আদেশ দিয়েছিল আদালত। ওই আদেশে তার রাজধানী মালে ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু আদলতের আদেশ মানতে অস্বীকৃতি জানান নাশিদ। তিনি বিচারের শুনানিকালে আদালতে উপস্থিত থাকার আদেশও প্রত্যাখান করেন। মালদ্বীপের প্রেসিডেন্ট থাকাকালে অপরাধ আদালতের এক বিচারককে ‘জোরপূর্বক’ অপসারণের দায়ে নাশিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের সময় নাশিদ ধীরস্থির ছিলেন ও পুলিশকে সহযোগিতা করেন বলে জানান হাসান। গত ফেব্র“য়ারিতে মালদ্বীপের প্রেসিডেন্ট পদ থেকে নাশিদকে অপসারণ করা হয়। তার অপসারণের কারণ হিসেবে পরস্পর বিরোধী অভিযোগ করা হয়। পুলিশ ও সেনা অভ্যুত্থানের মুখে ‘জোর’ করে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে অভিযোগ করেন নাশিদ। কিন্তু সর্বোচ্চ আদালতের এক তদন্ত কমিশন জানিয়েছে, “নাশিদকে জোর করে ক্ষমতা থেকে সরানো হয়নি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।” নাশিদের পদত্যাগের পর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ হাসান দেশটির ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা থেকে অপসারণের পর থেকেই নাশিদের সমর্থকরা মালের রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ করে আসছে। তার গ্রেপ্তারে প্রতিবাদ-বিক্ষোভ আরো উত্তাল হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪০৯ ঘ.