তুরস্ক, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় তুরস্ক সীমান্তবর্তী হাতায় প্রদেশের কাছে সরকারি একটি সেনা ফাঁড়ি দখল করেছে বিদ্রোহীরা।
কাছাকাছি একটি গ্রামে সংঘর্ষ চলছে বলে রোববার খবর দিয়েছে গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা।
গ্রামবাসীরা জানায়, বিদ্রোহীরা শনিবার সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার এলাকায় একটি পাহাড়ের ওপর তিনতলা একটি সাদা ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে ‘ফ্রি সিরিয়ান আর্মি’র পতাকা উড়িয়েছে। ওই ভবন থেকে দেখা যায় তুরস্কের একটি গ্রাম। যে গ্রামে গত সপ্তাহে আঘাত হানে সিরিয়ার মর্টার বোমা।
গত ৪ দিন ধরেই এলাকাটিতে প্রচণ্ড সংঘর্ষ চলছে। শনিবার সকালে বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি এলাকাটি দখল করে। এখন সেখানকার পরিস্থিতি শান্ত বলে জানান এক গ্রামবাসী।
১২ ঘণ্টার লড়াইয়ের পর বিদ্রোহীরা খিরবেত আল জোজ ও এর আশেপাশের এলাকার দখল নেয় বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সেনাফাঁড়ির পেছনের এ এলাকাটিতে এখনো সংঘর্ষ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০০ঘ.
bdnews24