কারাকাস, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ গত ১৪ বছর ধরে দেশ শাসন করলেও রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ বিরোধী প্রার্থী হেনরিক কাপরিলেসকে মোকাবেলায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ নির্বাচনে শ্যাভেজের শাসনাবসান ঘটতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
রোববার ভোটগ্রহণ শুরুর আগেথেকেই ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। ‘লড়াই শুরু হয়ে গেছে’, ‘আজ আমরা ইতিহাসের আরেক অধ্যায় রচনা করব,’ সকালে ভোটের শুরুতেই টুইটার বার্তায় এ উক্তি এক ভোটারের।
যুক্তরাজ্য ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের ২ হাজার ভেনেজুয়েলানসহ বিশ্বব্যাপী কূটনৈতিক কেন্দ্রগুলোতেও ভোট দেবে প্রায় ১ লাখ ভেনেজুয়েলার নাগরিক। ভোট শেষে ফল আসতে শুরু করবে সোমবার সকাল থেকে।
রোববার লন্ডনে ভেনেজুয়েলার কনস্যুলেটের বাইরে ভোট দিতে জড়ো হয় শ’শ’ প্রবাসী। তারা ভেনেজুয়েলার বিরোধীদলকেই সমর্থন জানিয়েছে। ভেনেজুয়েলায় নিরাপত্তাহীনতার অভিযোগ করে এক ভোটার বলেন, “আমি সরকারকে সমর্থন করি না। কারণ, আমি সেদেশে বাস করতে পারি না; বাস করা প্রায় অসম্ভব। বিশ্বে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে নিরাপত্তা পরিস্থিতি।”
নির্বাচনী প্রচারাভিযানে শ্যাভেজের অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও মিত্র দেশগুলোকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেয়ার নীতির বিরোধিতা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপরিলেস।
তাই ভেনেজুয়েলার নির্বাচনে এবার একচেটিয়া নয়, হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই সবার ধারণা।
তবে এখনো সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় ৫৮ বছর বয়সী সমাজতান্ত্রিক নেতা শ্যাভেজ। গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো শ্যাভেজের বিরুদ্ধে এতোটা শক্ত অবস্থানে আসতে পেরেছে দেশটির বিভক্ত বিরোধী দল।
বিশ্বের অন্যতম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশটির এ খাত থেকে আসা রাজস্বের বেশিরভাগই শ্যাভেজ ব্যয় করেছেন বিভিন্ন সামাজিক খাত ও যুক্তরাষ্ট্রবিরোধী মিত্র দেশগুলোকে র্অ সহায়তা দেয়ার জন্য। ফলে ভেনেজুয়েলার এ নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
নির্বাচনের আগে শনিবার রাতে রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলে বিরোধী দলের সমর্থকরা বাসন পিটিয়ে শাভেজের বিরুদ্ধে স্লোগান দেয়।
তবে নগরের কেন্দ্রে শ্যাভেজ সমর্থকরা বিভিন্ন ধরনের বাজনা বাজিয়ে তার পক্ষে স্লোগান দেয়। নির্বাচনের দিন সকালে ভোটারদের জাগাতে বিভিন্ন রাস্তায় বাজনা বাজিয়ে মিছিল করার জন্য প্রস্তুত হয় অনেক সমর্থক।
শনিবার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক সংবাদ সম্মেলনে দেশের বাম, ডান ও মধ্যপন্থীসহ সব মতের মানুষকে আগামীকালের নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান হুগো শাভেজ।
শনিবারও সাধারণ ভোটারদের মাঝে জনসংযোগে ব্যস্ত ছিলেন কাপরিলেস। অপরদিকে, মিত্র দক্ষিণ আমেরিকান দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে দিন পার করেছেন শ্যাভেজ।
শ্যাভেজ এ বছরের মে মাসে ক্যান্সারের সঙ্গে লড়ে ফিরে আসেন। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তেল রপ্তারিকারী দেশগুলোতে তার নিজস্ব রীতির ‘সমাজতান্ত্রিক বিপ¬ব’ আরো বেগবান করতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে আবারো ক্ষমতায় ফিরতে চান ৫৮ বছর বয়সী এ নেতা।
তবে তার প্রতিদ্বন্দ্বী কাপরিলেস গত আট মাস ধরে লাগাতার প্রচারণা চালিয়ে আসছেন।
নির্বাচনের আগে বেশির ভাগ জরিপে শ্যাভেজ এগিয়ে থাকলেও দুটিতে এগিয়ে ছিলেন প্রতিদ্বন্দ্বী কাপরিলেস। অন্যান্য জরিপেও তার প্রতি সমর্থন বাড়তে দেখা গেছে।
তবে নির্বাচনের ফলাফলে খুব বেশি পার্থক্য না থাকলে এতে কারচুপির অভিযোগ এনে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। ২ কোটি ৯০ লাখ মানুষের দেশটির অনেকের হাতেই অবৈধ অস্ত্র রয়েছে।
ওদিকে, হুগো শ্যাভেজ বরাবরই বলে আসছেন যে বিরোধী দল নির্বাচনের ফল প্রভাবিত করার জন্য সহিংসতার আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু শ্যাভেজের কড়া সমালোচকরা বলছেন, নির্বাচনে হেরে গেলে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানাতে পারেন শ্যাভেজ।
তবে ক্ষমতাসীন ও বিরোধী দল নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির ব্যাপারে আস্থা প্রকাশ করেছে এবং ইলেকশন বোর্ডের রায় মেনে নেবে বলে জানিয়েছে। দেশের ১৩ হাজার ৭শ’ নির্বাচন কেন্দ্রে পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে উভয় দলই।
নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষককে অবস্থানের অনুমতি দেওয়া হয়নি, তবে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু পর্যবেক্ষক দল ভেনেজুয়েলায় পৌঁছেছেন। স্থানীয় বেশকিছু সংস্থাও নির্বাচন পর্যবেক্ষণ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/বিসিএস/এলকিউ/২২০৯ঘ.
bdnews24