২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে শান্তিচুক্তিতে রাজি সরকার ও বিদ্রোহীরা

দক্ষিণ ফিলিপাইনের মুসলিম বিদ্রোহী গোষ্ঠী ও ফিলিপাইন সরকার শান্তি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। বাস্তবায়িত হলে এই চুক্তি ৪০ বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 06:17 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ম্যানিলা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ ফিলিপাইনের মুসলিম বিদ্রোহী গোষ্ঠী ও ফিলিপাইন সরকার শান্তি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। বাস্তবায়িত হলে এই চুক্তি ৪০ বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাবে। রোববার ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনগো একুইনো শান্তি চুক্তি বিষয়ে দুইপক্ষের সমঝোতার কথা ঘোষণা করেন। ক্যাথলিক প্রধান ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও এলাকায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠি। মুসলিম বিদ্রোহীদের সঙ্গে সরকারী বাহিনীর ৪০ বছর যাবৎ চলমান সংঘর্ষে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। স্থবির হয়ে আছে মিন্দানাওয়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনা চলার পর সংঘাত অবসানে একটি খসড়া পরিকল্পনার বিষয়ে বিদ্রোহী মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট ও সরকার সম্মত হয়। সমঝোতা অনুযায়ী, মিন্দানাওয়ে একটি একটি স্বায়ত্বশাসিত এলাকা প্রতিষ্ঠিত হবে যার নতুন নাম হবে বাঙ্গসামরো। মিন্দানওয়ের মুসলিম জনগোষ্ঠি প্রধানত মরো জাতিগোষ্ঠির মানুষ। আগামী কিছুদিনের মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হবে বরে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২০৫ ঘ.