২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের আকাশে ‘শত্রু’ ড্রোন

নিজেদের আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন বিমানকে গুলি করে ভূপাতিত করার কথা দাবি করেছে ইসরায়েলি বিমানবাহিনী। তবে চালকবিহীন বিমানটি কোথা থেকে এসেছে তা চিহ্নিত করতে পারেনি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 04:33 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

জেরুজালেম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজেদের আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন বিমানকে গুলি করে ভূপাতিত করার কথা দাবি করেছে ইসরায়েলি বিমানবাহিনী। তবে চালকবিহীন বিমানটি কোথা থেকে এসেছে তা চিহ্নিত করতে পারেনি তারা। দক্ষিণ সীমান্ত অতিক্রম করে শনিবার ড্রোনটি ইসরায়েলে প্রবেশ করেছিল বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র আভিতাল লেইবোভিচ জানান, ইসরায়েলের পশ্চিমে হামাস শাসিত ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশের ভূমধ্যসাগরের ওপরে ড্রোনটি প্রথম দৃশ্যমান হয়। এরপর থেকেই ইসরায়েলি জঙ্গিবিমানগুলো ড্রোনটিকে অনুসরণ করতে থাকে। পরে অধিকৃত পশ্চিম তীর সীমান্তের কাছে জনবসতিহীন বন এলাকায় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়। দক্ষিণ ইসরায়েলের নেজেভ মরুভূমির ওপর দিয়ে ৩৫ মাইল এগিয়ে যাওয়ার পর সকাল ১০ টার দিকে ড্রোনটিকে ভূপাতিত করা হয় বলে জানান লেইবোভিচ। ইসরায়েলি সেনা রেডিও জানিয়েছে, ড্রোনটিতে কোনো বিস্ফোরক ছিল না। অজ্ঞাত স্থান থেকে আসা এই ড্রোনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বিমানবাহিনীর প্রশংসা করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান মুখপাত্র পার্লামেন্ট সদস্য মিরি রেজেভ ট্যুইটারে এই বিমানটিকে ‘হিজবুল্লাহ পরিচালিত ইরানি ড্রোন’ বলে দাবি করেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ড্রোনের সঙ্গে হিজবুল্লাহর সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০২৬ ঘ.