কারাকাস, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলায় প্রেসিডেন্টনির্বাচনের ঠিক আগ মুহূর্তে অনিশ্চয়তার ভুগছে দেশটির নাগরিকরা।
রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯৯ সালে ক্ষমতা গ্রহণের পরে প্রেসিডেন্ট হুগো শাভেজের ১৪ বছরের শাসনামলে প্রথমবারের মতো তার বিরোধী দল বেশ শক্ত অবস্থানে রয়েছে এ নির্বাচনে।
অনিশ্চয়তায় ভুগতে থাকা ভেনেজুয়েলাবাসী নির্বাচনের আগের দিন শনিবারে সুপার মার্কেটগুলোতে ভিড় জমায় খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ যোগাড় করতে। এ অবস্থায় অনেক দোকানেই খাবার ও ওষুধের মজুদ শেষ হয়ে যায়।
শুক্রবার শেষ নির্বাচনী প্রচারণার দিনে শাভেজের প্রতিদ্বন্দ্বী গভর্নর হেনরিক কাপরিলেসের প্রতি সমর্থন আরো কিছুটা বাড়তে দেখা গেছে।
নির্বাচনের ফলাফলে খুব বেশি পার্থক্য না থাকলে এতে কারচুপির অভিযোগ এনে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। ২ কোটি ৯০ লাখ মানুষের দেশটির অনেকের হাতেই অবৈধ অস্ত্র রয়েছে।
নির্বাচনী প্রচারণার চলার সময় এক মিছিলে বিরোধী দলের তিনজন কর্মী গুলিতে নিহত হলে বন্দুকযুদ্ধ ও পাথর ছোড়াছুঢ়ির ঘটনা ঘটেছিলো। তবে এ ধরনের সংঘর্ষের ঘটনা নিয়মিত ঘটার আশঙ্কা করা হলেও তা হয়নি।
ক্ষমতাসীন ও বিরোধী দল নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির ব্যাপারে আস্থা প্রকাশ করেছে এবং ইলেকশন বোর্ডের রায় মেনে নিবে বলে জানিয়েছে। দেশের ১৩ হাজার ৭শ’ নির্বাচন কেন্দ্রে পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে উভয় দলই।
কাপরিলেসের নির্বাচনী প্রচারণার সমন্বয়ক লিওপোলদো লোপেস জানান, প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর আস্থা বজায় রেখে শান্তি ও শান্ত পরিবেশের পক্ষে থাকবেন তারা।
এদিকে হুগো শাভেজ বরাবরই বলে আসছেন যে বিরোধী দল নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য সহিংসতার আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছে। তবে শাভেজের কড়া সমালোচকরা বরং বলছেন, নির্বাচনে হেরে গেলে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানাতে পারেন শাভেজ।
তবে নির্বাচনের ফলাফলে ব্যবধান কম হলে প্রার্থীদের সমর্থকরা তা না-ও মেনে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষককে অবস্থানের অনুমতি দেওয়া হয়নি, তবে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু পর্যবেক্ষক দল ভেনেজুয়েলায় পৌঁছেছেন।
শাভেজ এবছরের মে মাসে ক্যান্সারের সঙ্গে লড়ে ফিরে আসেন। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তেল রপ্তারিকারী দেশগুলোতে তার নিজস্ব রীতির ‘সমাজতান্ত্রিক বিপ্লব’ আরো বেগবান করতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে আবারো ক্ষমতায় ফিরতে চান ৫৮ বছর বয়সী এ নেতা।
তবে তার প্রতিদ্বন্দ্বী ৪০ বছর বয়সী গভর্নর হেনরিক কাপরিলেস গত আট মাস ধরে লাগাতার প্রচারণা চালিয়ে আসছেন।
শ্যাভেজের পরাজয় ঘটলে ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রবিরোধী নেতৃত্ব বেশ বড় ধাক্কা খাবে। বিশ্বের সর্বোচ্চ অপরিশোধিত তেল উৎপাদনকারী অঞ্চলটিতে বিশ্বের তেল কোম্পানিগুলো আবার সহজে বাণিজ্য করতে পারবে এতে।
শ্যাভেজের হারে কিউবা, ইকুয়েডরের মতো বামপন্থী ল্যাটিন দেশগুলোর সরকারগুলোও বেকায়দায় পড়বে। শাভেজের অপরিশোধিত তেলে ছাড় দেয়ার নীতি ও বিভিন্ন আর্থিক সহায়তার ওপর বেশ নির্ভর করে এ দেশগুলো।
সাবেক সেনা কর্মকর্তা শ্যাভেজ ২০০২ সালে একটি অস্থায়ী অভ্যুত্থানের মুখোমুখি হন, তবে এরপরেও ক্ষমতা ধরে রাখেন তিনি। তেল থেকে পাওয়া রাজস্ব বিভিন্ন সামাজিক খাতে ব্যয় করায় ভোটারদের পছন্দের শীর্ষে ছিলেন তিনি।
নির্বাচনের আগে বেশির ভাগ জরিপে শাভেজ এগিয়ে থাকলেও দুটিতে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী কাপরিলেস। অন্যান্য জরিপেও তার প্রতি সমর্থন বাড়তে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৪৩৮ ঘ.
bdnews24