ইস্তাম্বুল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার ভেতর থেকে ছোঁড়া একটি মর্টার বোমা শনিবার দক্ষিণ তুরস্কের গ্রামাঞ্চলে বিস্ফোরিত হলে পাল্টা গোলাবর্ষণ করে তুর্কি সেনারা।
জানিয়েছে তুরস্কের রাষ্ট্রিয় বার্তা সংস্থা আনাতোলিয়ান নিউজ।
কয়েকদিন আগে সিরিয়ার ভিতর থেকে ছোঁড়া মর্টার বোমার আঘাতে পাঁচ তুর্কি বেসামরিক ব্যক্তি নিহত হলে সিরিয়ার সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ করে তুর্কি সেনারা।
এর পর আর কোনো হামলা হলে পরিণতি মারাত্মক হবে বলে সিরিয়াকে হুঁশিয়ার করে তুরস্ক। কিন্তু এরপরও সিরিয়া থেকে তুরস্কের অভ্যন্তরে মর্টার বোমা ছোঁড়া হল।
এই হামলা-পাল্টা হামলা চলমান সিরিয়ার সংঘাতে এ পর্যন্ত সবচেয়ে মারাত্মক সীমান্ত সংঘাত। এতে সিরিয়ায় সংঘাত আশাপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে।
শুক্রবার তুরস্কের প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোগান সিরিয়াকে এ ধরনের “প্রাণঘাতী ভুল” আর না করার জন্য সতর্ক করে দিয়েছিলেন। জবাবে সিরিয়া জানিয়েছিল, দূর্ঘটনাবশত মর্টার বোমাটি তুরস্কে চলে গিয়েছিল।
আনাতোলিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশে সীমান্তের কাছে বিদ্রোহী ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলাকালে মর্টার বোমাটি তুরস্কের ভিতরে এসে পড়ে ও বিস্ফোরিত হয়।
সঙ্গে সঙ্গেই তুর্কি সেনারা পাল্টা গোলাবর্ষণ করে।
তবে জনবসতিহীন বিরান এলাকায় বিস্ফোরিত বোমাটিতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানায়নি বার্তা সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৩৫ ঘ.
bdnews24