ঢাকা, আক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ‘অঘোষিত বাংলাদেশি-ধাঁচের’ সরকার দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
পার্লামেন্টকে অকেজো উল্লেখ করে তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণে এ পার্লামেন্টের কোনো ভূমিকা নেই।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করার পদক্ষেপ না নেয়ায় পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায়ে ক্ষমতা হারানোর কয়েক মাস পর এ মন্তব্য করলেন গিলানি। ‘দ্য হিন্দুস্তান টাইমস’ এ খবর দিয়েছে।
পাকিস্তানে সুপ্রিম কোর্টের ক্রমবর্ধমান প্রভাবের প্রতি ইঙ্গিত দিয়ে বৃহস্পতিবার লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের গিলানি বলেন, “দেশে একটি অঘোষিত বাংলাদেশি-ধাঁচের সরকার ব্যবস্থা কাজ করছে। কারণ, পার্লামেন্ট অকেজো আর সিদ্ধান্ত আসছে অন্য জায়গা থেকে। বিরোধীদলও এ ধরনের সরকার চায়।”
তিনি আরো বলেন, “পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখতে গিয়ে যখন আমাকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করা হয়েছিল তখন পার্লামেন্ট আমাকে রক্ষায় কোনো ক্ষমতাই প্রয়োগ করেনি। আর এখন দ্বৈত নাগরিকত্ব থাকা অন্যান্য পার্লামেন্ট সদস্যরা পদ হারানোয় বাকিরা তাদের জন্য চোখের পানি ফেলছে।”
আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইস কর্র্তৃপক্ষকে চিঠি লিখতে অস্বীকৃতি জানানোর পর গিলানিকে আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট।
এছাড়া, দ্বৈত নাগরিকত্ব থাকায় ১১ জন কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনপ্রণেতাও পদ হারিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের আসনও শূন্য করার নির্দেশ দিয়েছে আদালত। ২০০৮ সালের নির্বাচনের সময় মালিক তার ব্রিটিশ নাগরিকত্বের ব্যাপারে মিথ্যা বয়ান দিয়েছিলেন বলে অভিযোগ আছে।
গিলানি আক্ষেপ করে বলেন, পার্লামেন্ট তার অধিকারের জন্য উঠে দাঁড়াতে ব্যর্থ হয়েছে।
“দেশের সংবিধান রক্ষা করার জন্য যখন সুপ্রিম কোর্ট পাকিস্তানের পার্লামেন্টের প্রধানকে (প্রধানমন্ত্রী) বিদায়ের দরজা দেখিয়েছিল, তখন এর বিরুদ্ধে জেগে ওঠা উচিত ছিল পার্লামেন্টের,” বলেন তিনি।
বাংলাদেশে একজন বিচারকের সংবিধান লঙ্ঘনের অভিযোগ নিয়ে জাতীয় সংসদের স্পিকারের একটি রুলিংয়ের আইনগত কোনো ভিত্তি নেই বলে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবে আপিল বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২১৪৪ঘ.
bdnews24