নয়াদিল্লি, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে গত নয়মাসে ৬৯টি বাঘের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই মারা গেছে শিকারিদের হাতে কিংবা দুর্ঘটনার শিকার হয়ে।
ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ অধিদপ্তর (এনটিসিএ) শুক্রবার এ তথ্য জানিয়েছে।
এনটিসিএ’র কর্মকর্তা রাজিব শর্মা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে বলেন, “দেশের ৪১টি বাঘ সংরক্ষণ অরণ্যে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নয়মাসে ৬৯টি বাঘ মারা গেছে। এর মধ্যে ৪১টি বাঘ মারা গেছে শিকারিদের হাতে এবং দুর্ঘটনায়। বাকি ২৮টি মারা গেছে প্রাকৃতিক কারণে।
ভারতের উত্তরখান্দ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং মধ্যপ্রদেশে বাঘের মৃত্যুহার বেশি বলে চিহ্নিত করেছে সংস্থাটি। সরকারি হিসেব মতে, ভারতে এখন মাত্র এক হাজার সাতশ’ ছয়টি বাঘ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৯১০ঘ.
bdnews24