নিউইয়র্ক, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধর্ম সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি নিলামে উঠছে।
ইন্টারনেটে কেনাবেচার ওয়েবসাইট ই-বেতে অনলাইন নিলাম হবে এটির।
‘ঈশ্বরের চিঠি’ নামে পরিচিত এর প্রাথমিক মূল্য ৩০ লাখ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান অকশন কজ।
মৃত্যুর বছরখানেক আগে লেখা এ চিঠিতে ধর্ম, ঈশ্বর ও সাম্প্রদায়িকতা বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি লিখেছেন পৃথিবীর সবচেয়ে প্রতিভাধর বিজ্ঞানীদের অন্যতম আইনস্টাইন।
লস অ্যাঞ্জেলেসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান অকশন কজের প্রধান এরিক গাজিন বলেন, বিংশ শতাব্দীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ হিসেবে অনেকের কাছে স্বীকৃত ব্যক্তির ব্যক্তিগত মতামত সম্বলিত এ চিঠিটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য রয়েছে বলে আমি মনে করি। তার সারাজীবনের জ্ঞানার্জন ও চিন্তাভাবনার পরে মৃত্যুর কিছুদিন আগে এ চিঠিটি লিখেন তিনি।
প্রিন্সটন ইউনিভার্সিটির সিলযুক্ত কাগজে ১৯৫৪ সালের ৩ জানুয়ারি দার্শনিক এরিক গুটকিন্ডকে জার্মান ভাষায় লেখা হয় চিঠিটি। গুটকিন্ডের ‘চুজ লাইফ: দ্য বিবলিকাল কল টু রিভল্ট’ বইটি পড়ার পরে চিঠিটি লিখেন আইনস্টাইন।
এতে ১৯২১ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী আইনস্টাইন লিখেন, ‘ঈশ্বর’ শব্দটি আমার কাছে মানুষের দুর্বলতার বহিঃপ্রকাশ ও দুর্বলতা থেকে উৎপাদিত বস্তুর চেয়ে বেশি কিছু মনে হয় না। বাইবেল গ্রন্থটি খুবই ন্যায়পরায়ণ তবে আদিম কিংবদন্তীর বেশি কিছু নয়, তার চেয়েও বড় কথা খুবই শিশুসুলভ এগুলো।
তিনি আরো লেখেন, কোনো ব্যাখ্যাই, তা যতো নিগূঢ় হোক না কেনো, আমার এ ধারণার পরিবর্তন করতে পারবে না।
চিঠিটির বিক্রেতার নাম অপ্রকাশিত রেখেছে অকশন কজ। তবে মূল খামসহ চিঠিটি ২০০৮ সালে নিলামঘর ব্লুমসবারি অকশন থেকে ৪ লাখ ৪ হাজার ডলার দিয়ে কেনা হয়। তখন থেকে চিঠিটি একটি সরকারি প্রতিষ্ঠানে একটি তাপমাত্রা নিয়ন্ত্রিত সিন্দুকে রাখা ছিলো।
আগামী ৮ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এ নিলামটি চলবে। ১০ বছর আগে আইনস্টাইনের লেখা আরেকটি চিঠি ২০ লাখ ডলারে বিক্রি হয়েছিলো বলে জানান এরিক গাজিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১১৫৫ ঘ.
bdnews24