ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি গুরুত্বপূর্ণ তিনটি বিতর্কের মধ্যে প্রথমটির জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার স্থানীয় সময় রাত ৮ টার দিকে ডেনভার বিশ্ববিদ্যালয়ে এক মঞ্চে দেখা যাবে এই দুই প্রতিদ্বন্দ্বীকে। যুক্তরাষ্ট্র জুড়ে টেলিভিশনে এ বিতর্ক স¤প্রচারিত হবে।
নির্বাচনের ৩৪ দিন আগে জাতীয় নীতি নিয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি।
নির্বাচনী প্রচারাভিযানে ওবামার অর্থনৈতিক সাফল্য নিয়ে সমালোচনা করেছেন রমনি। তবে বিতর্কে রমনিও নিজের কর পরিকল্পনা ও অভিবাসন নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারেন।
জাতীয় ও নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে পরিচালিত জরিপে ওবামা কিছুটা এগিয়ে রয়েছেন।
সর্বশেষ মঙ্গলবার প্রকাশিত ‘এনবিসি নিউজ’ ও ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ পরিচালিত এক জাতীয় জরিপে ওবামা ৪৯ শতাংশ ও রমনি ৪৬ শতাংশ জনসমর্থন পেয়েছেন।
সোমবার ডেনভারে গিয়ে ওহাইও সিনেটর রব পোর্টম্যানকে বারাক ওবামার ভূমিকায় নিয়ে বিতর্ক অনুশীলন করেছেন মিট রমনি।
অন্যদিকে, ২০০৪ সালে ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী জন কেরিকে রমনির ভূমিকায় নিয়ে নেভাদার লাস ভেগাসে বিতর্ক অনুশীলন করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪১ঘ.
bdnews24