বৈরুত, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার আলেপ্পোয় বুধবার কয়েকটি বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত এবং ৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
সরকারবিরোধী আন্দোলনকর্মীরা জানায়, আলেপ্পোর প্রধান সাদাল্লাহ আল জাবারি চত্বরে গাড়িবোমা এবং মর্টার বোমা হামলা হয়েছে।
এর কয়েকশ মিটার দূরেই বাব আল জিনেইন এলাকার কাছে বিস্ফোরিত হয়েছে আরেকটি বোমা।
সাদাল্লাহ আল জাবারি চত্বরে সামরিক কর্মকর্তাদের একটি ক্লাবের কাছে সরকার নিয়ন্ত্রিত এলাকা এবং একটি হোটেল লক্ষ্য করে তিনটি গাড়িবোমা ও মর্টার বোমা হামলা হয়।
আত্মঘাতী হামলাকারীরা বিস্ফেরকভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা।
বিস্ফোরণে জাবারির অন্তত একটি ভবন বিধ্বস্ত হয়েছে। গাড়িবোমার পরই চলে মর্টার বোমা হামলা। বিস্ফোরক বহনকারী তিন বিদ্রোহী এলাকাটিতে আরো আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করে।
টেলিভিশনে সেনার পোশাকের ছদ্মবেশধারী তিনটি লাশ দেখানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়। দেহে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটানোর আগেই তাদেরকে হত্যা করা হয় বলে জানানো হয়েছে খবরে।
জাবারিতে বুধবারের বোমা হামলায় নিহতদের বেশির ভাগই সরকারি সেনা বলে হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। তবে সিরিয়ার সরকারি কর্মকর্তারা হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন।
সরকারপন্থি আল ইকবারিয়া টিভিতে বিস্ফোরণে বিধস্ত ভবন থেকে মৃতদেহ টেনে বের করে আনতে দেখা গেছে। রাস্তায়ও দেখা গেছে বোমায় সৃষ্ট বিশাল গহ্বর। এছাড়া, চত্বরটি ঘিরে থাকা অনেকগুলো বহুতল ভবন প্রায় পুরোটাই বিধ্বস্ত অবস্থায় দেখা যায়।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন প্রাথমিক খবরে জানায়, “প্রথম বোমা বিস্ফোরণের ৫ মিনিট পর দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরণ ঘটে। তৃতীয় বিস্ফোরণটি ঘটে এর ১০ মিনিট পর। এরপর ঘটে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণ।”
সিরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল বলছে, ‘সন্ত্রাসীরা’ বোমা হামলা করেছে। তবে বিদ্রোহী ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে আসাদের বাহিনী এ হামলা করেছে বলে দাবি সরকার বিরোধীদের।
আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা।
আলেপ্পোর আরো কিছু এলাকা দখলের জন্য গত সপ্তাহ থেকে নতুন করে হামলা শুরু করেছে বিদ্রোহীরা। গত সপ্তাহের শেষ দিকে সংঘর্ষে ফলে আলেপ্পোর শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী একটি বাজার আগুনে পুড়ে যায়।
মঙ্গলবার আল-মানার টেলিভিশন ও সিরীয় সরকারের সমর্থক লেবানিজ সংবাদপত্র আল-দিয়ার জানায়, আলেপ্পোয় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে ৩০ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন আসাদ।
আল-দিয়ার পত্রিকা আরো জানায়, আসাদ দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে ভোরে হেলিকপ্টারে করে আলেপ্পোয় গেছেন এবং তিনি নিজেই সেখানে অভিযান পরিচালনা করছেন। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
২০১১ সালের মার্চে আসাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরুর পর থেকে সিরিয়ার প্রধান শহরগুলোতে বোমা হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/২২৩৪ঘ.
bdnews24