ওয়াশিংটন, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় আল-কায়েদার সংশ্লিষ্টতার কথা ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ওবামা প্রশাসন জেনে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি সরকারি সূত্র।
এরপরও প্রায় দুই সপ্তাহ পর্যন্ত হামলার ঘটনাকে ইসলামবিরোধী চলচ্চিত্রের বিরুদ্ধে স্বতস্ফূর্ত প্রতিবাদ বলে বিভিন্ন সরকারি বিবৃতি, সভা ও গণমাধ্যমে প্রচার করা হয়।
ওই হামলায় লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূতসহ আরো তিন মার্কিন নাগরিক নিহত হন।
মঙ্গলবার হাউজ অব রিপ্রেজেনটেটিভসের গোয়েন্দা কমিটির প্রধান মাইক রজার্স এক সাক্ষাৎকারে বলেন, এখন দেখা যাচ্ছে এটা আসলে গোয়েন্দা বাহিনীর সমস্যা ছিলো না, গোয়েন্দা বাহিনীকে নিয়ে তারা যা করেছে তা-ই সমস্যা।
গত শুক্রবার প্রথমবারের মতো একটি সরকারি বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপারের কার্যালয়।
ওই হামলায় জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নীতিনির্ধারকদের হাতে পৌঁছানোর পরে তা কীভাবে ‘জঙ্গিদের পরিকল্পিত হামলা থেকে’ তা ‘পরিবর্তিত’ করা হয় তার চিত্র তুলে ধরা হয় ওই বিবৃতিতে।
মাইক রজার্স আরো বলেন, এই তথ্যগুলো এখনো সম্পূর্ণ নিশ্চিত নয়, তবে প্রথম থেকেই এই ঘটনার সঙ্গে জিহাদিদের সংশ্লিষ্টতার আলামত পাওয়া যাচ্ছে।
এর ফলে লিবিয়ায় জঙ্গি হামলা ঠেকাতে ওবামা প্রশাসন ব্যর্থ হয়েছে বলে যে অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি, তা নিয়ে পুনরায় প্রশ্ন তৈরি হয়েছে। এ মন্তব্য করার পর ব্যাপকভাবে সমালোচিত হন রমনি।
তবে ওবামা প্রশাসন এ অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছে। গোয়েন্দা তথ্যের পাশাপাশি অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সরকারি বক্তব্য নির্ধারণ করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি বলেন, প্রশাসনের প্রতিটি বিবৃতির আগে প্রাপ্ত তথ্যগুলোর সর্বোচ্চ বিশ্লেষণ করে বক্তব্যগুলো প্রস্তুত করা হয়। গোয়েন্দা বিভাগ পর্যায়ক্রমে যেসব তথ্য সরবরাহ করেছে তা থেকেই কংগ্রেস ও আমেরিকার জনগণকে জানানো হয়েছে।
কয়েকজন সরকারি কর্মকর্তা বলছেন, গোয়েন্দা বিভাগসমূহ এ ঘটনা নিয়ে কোনো পূর্বানুমান প্রকাশ করার ব্যাপারে সবসময়ই সতর্ক ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৩৮ ঘ.
bdnews24