২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় হিজবুল্লার জ্যেষ্ঠ সামরিক নেতা নিহত’

লেবাননের শিয়া ইসলামপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক শাখার জ্যেষ্ঠ নেতা আলি হুসেইন নাসিফ সিরিয়ায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 05:09 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেবাননের শিয়া ইসলামপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক শাখার জ্যেষ্ঠ নেতা আলি হুসেইন নাসিফ সিরিয়ায় নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে ওই নেতা কোথায় নিহত হয়েছে এ প্রসঙ্গে হিজবুল্লাহ কোনো কিছু উল্লেখ না করে জানিয়েছে, তাকে সোমবার বেকা উপত্যকায় সমাহিত করা হয়েছে এবং তিনি তার ‘জিহাদি দায়িত্ব’ পালন করতে গিয়ে নিহত হয়েছেন। বিদ্রোহীরা জানিয়েছে, নাসিফ কয়েকজন সঙ্গীসহ ফ্রি সিরিয়ান আর্মির চোরাগোপ্তা হামলায় নিহত হয়েছেন। অপর এক খবরে জানা গেছে, সীমান্তে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। তবে তিনি সিরিয়ায় হিজবুল্লাহ প্রধান কি না এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারকে প্রশিক্ষণ, উপদেশসহ অন্যান্য সহায়তা দিচ্ছে হিজবুল্লাহ। অবশ্য যুক্তরাষ্ট্রের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টকে হিজবুল্লাহর প্রতিপক্ষ এক রাজনৈতিক গোষ্ঠী জানিয়েছে, “হিজবুল্লাহ তাদের আধাসামরিক বাহিনী দিয়ে সিরীয় সরকারকে সক্রিয়ভাবে সহায়তা করছে। তারা পূর্ণমাত্রায় যুদ্ধ চালাচ্ছে, লড়াই করছে।” অগাস্টে হিজবুল্লাহর অপর এক জ্যেষ্ঠ সেনা কর্মান্ডার মুসা আলি শাহিমি লড়াই করতে গিয়ে নিহত হওয়ার পর বৈরুতে প্রকাশ্যে শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হিজবুল্লাহর দুই আইন প্রণেতাও উপস্থিত ছিলেন। নাসিফের মৃত্যুর কারণ সম্পর্কে যা বলা হয়েছে, শাহিমির মৃত্যু সম্পর্কেও একই বক্তব্য হিজবুল্লাহপন্থী নিউজ ওয়েবসাইট আল-ইন্তিকাদেও তাই উল্লেখ করা হয়েছিল যে, “জিহাদি দায়িত্ব” পালন করতে গিয়ে তিনি নিহত হয়েছেন। সিরিয়ার বিদ্রোহী ও ফ্রি সিরিয়ান আর্মি জানিয়েছে, নাফিস একটি গাড়িতে করে সিরিয়ার সীমান্ত শহর আল কুয়াসিরে যাচ্ছিলেন। এ সময় তাকে বহন করা গাড়িটি রাস্তায় পেতে রাখা বোমা হামলার শিকার হয়। তবে তিনি বোমার বিস্ফোরণে নাকি পরবর্তী সময়ে গোলাগুলিতে নিহত হয়েছেন এ বিষয়টি নিশ্চিত নয়। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, রোববার নাফিসের মরদেহ মাশনা সীমান্ত দিয়ে লেবাননে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৯ ঘ.