মস্কো, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেটো ও বিশ্বের শক্তিধর দেশগুলোকে সিরিয়ার যুদ্ধে হস্তক্ষেপ করা কিংবা কোনো নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা না করার আহ্বান জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ এক বিবৃতিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, “নেটো এবং এ অঞ্চলে আমাদের মিত্রদের সঙ্গে সম্পৃক্তার প্রেক্ষিতে আমরা তাদেরকে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের অজুহাত না খোঁজা কিংবা মানবিক কোনো নিরাপদ অঞ্চল (বাফার জোন) গড়ার উদ্যোগ না নেয়ার আহ্বান জানাচ্ছি।”
সিরিয়ার প্রতিবেশী দেশ তুরস্ক নাগরিকদের সুরক্ষায় দেশেটির ভেতরে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। তবে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদেও অনুমোদনের অপেক্ষায় আছে।
বিবৃতিতে গাতিলভ সিরিয়া এবং নেটো-সদস্য তুরস্কের মধ্যে সংযমের আহ্বান জানান। তুরস্ক সিরিয়া থেকে তাদের সীমান্তে বরাবরই গোলা হামলা হওয়ার অভিযোগ করে আসছে।
গাতিলভ বলেন, “এ পরিস্থিতিতে সিরিয়া এবং তুরস্ক কর্তৃপক্ষ উভয়েরই সবচেয়ে বেশি সংযত থাকা উচিত। সিরিয়ার সরকারবিরোধীদের মধ্যে উগ্রবাদীদের সংখ্যা বাড়তে থাকায় তারা সীমান্তে সংঘর্ষ উস্কে দিতে পারে একথাটি দু’দেশকেই মাথায় রাখতে হবে।” গাতিলভের উদ্ধৃতি দিয়ে একথা জানায় ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা।
সিরিয়ায় ১৮ মাস ধরা সংঘর্ষে পশ্চিমা ও আরব উপসাগরীয় নেতাদের না জড়ানোর জন্য মস্কোর যে কয়েকজন নেতা দৃঢ় মত দিয়ে যাচ্ছেন গাতিলভ তাদের অন্যতম।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা, দেশটির ওপর অবরোধ আরোপ করা বা তাদের সংঘর্ষে সরাসরি হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদক্ষেপে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৫ঘ.
bdnews24