২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় আসাদ, আরো সেনা নামানোর নির্দেশ

আলেপ্পো পরিস্থিতি পরিদর্শনে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। লড়াইয়ে আরো ৩০ হাজার সেনা নামানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

বৈরুত, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলেপ্পো পরিস্থিতি পরিদর্শনে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। লড়াইয়ে আরো ৩০ হাজার সেনা নামানোর নির্দেশ দিয়েছেন তিনি। লেবাননের আল-দিয়ার পত্রিকা মঙ্গলবার এ খবর জানিয়ে বলেছে, আসাদ দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে ভোরে হেলিকপ্টারে করে আলেপ্পোয় গেছেন। আসাদ কোনদিন সেখানে রওনা হন তা জানানো হয়নি। তবে তিনি এখনো আলেপ্পোয় আছেন বলে জানানো হয়েছে খবরে। আলেপ্পো পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছে এমন খবর পেয়ে আসাদ সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। আল দিয়ার আরো জানায়, হামা থেকে ৩০ হাজার সেনা ও দুই হাজার সামরিক যানের দুটি বহর আলেপ্পোয় মোতায়েনের নির্দেশ দিয়েছেন আসাদ। তুরস্ক সীমান্ত থেকে আলেপ্পো প্রদেশের অধিকৃত এলাকাগুলোতেও হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এ খবর নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনেও আসাদের আলেপ্পো পরিদর্শনের ব্যাপারে কিছু বলা হয়নি। তবে আল দিয়ার আলেপ্পোয় তাদের সংবাদদাতা রয়েছে বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৮৪৬ঘ.