২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার পররাষ্ট্রনীতি দুর্বল: রমনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতিকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে সোমবার নতুন প্রচার শুরু করেছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

বার্লিংটন, ম্যাসাচুসেটস, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতিকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে সোমবার নতুন প্রচার শুরু করেছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি। ওবামার দুর্বল পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ক্ষয়িষ্ণু করে তুলেছে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ওবামার সঙ্গে টেলিভিশনে প্রথম নির্বাচনী বিতর্কের ঠিক আগে রমনি এ আক্রমণাত্মক প্রচার শুরু করলেন। রমনি শিবির বলছে, আগামী ৬ নভেম্বরের নির্বাচনী প্রচারে রমনির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের বর্তমান দুর্বল অর্থনীতির বিষয়টি তুলে ধরে ভোট দলে টানা। তবে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও এক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। তবে রমনির এ প্রচার তার জন্য নেতিবাচক হতে পারে বলে মনে করা হচ্ছে। গত মাসে লিবিয়ায় মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতসহ আরো তিন কর্মকর্তা নিহতের ঘটনায় অদূরদর্শী মন্তব্য করে রমনি সমালোচিত হয়েছেন। বুধবার ডেনভারে বিতর্কে ভালো করার ব্যাপারে যথেষ্ট চাপ রয়েছে রমনির ওপর। দুই সপ্তাহ আগে রমনির একটি ভিডিও ফাঁস হয়ে যায় যেখানে তিনি মন্তব্য করেন, ৪৭ শতাংশ মার্কিনী সরকারের উপর নির্ভরশীল, তারা আয়কর পরিশোধ করে না। তারা সম্ভবত তাকে সমর্থন দেবে না বলেও ভিডিওতে মন্তব্য করেন তিনি। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ওবামার বেশকিছু অর্জনের মধ্যে রয়েছে ২০১১ সালে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যা অভিযান। তা সত্ত্বেও ওবামার আমলে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান নি¤œগামী হয়েছে, এমন প্রচারের পরিকল্পনা করেছে রমনি শিবির। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে একটি প্রবন্ধে সিরিয়ার গৃহযুদ্ধে দুর্বল অবস্থান নেয়া, মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ইসলামপন্থীর জয়, লিবিয়ায় মার্কিন দূতাবাসে হামলা এবং ইরানে পরমাণু কার্যক্রমের অগ্রগতির কারণ হিসেবে ওবামার দুর্বলতাকে দুষেছেন মিট রমনি। এতে রমনি বলেন, এসব ঘটনাগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, যেমনটা প্রেসিডেন্ট ওবামা বলেন। বরং এগুলো আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তবে রয়টার্সসহ বেশ কিছু সংবাদ ও জরিপ সংস্থার মতামত জরিপে দেখা যায়, সন্ত্রাসবাদ মোকাবেলায় রমনির তুলনায় ওবামারই বেশি কার্যকর পরিকল্পনা রয়েছে বলে মনে করছে আমেরিকানরা। এক্ষেত্রে ওবামার প্রতি জনসমর্থন ৪৩ শতাংশ এবং রমনির প্রতি ৩০ শতাংশ। কিন্তু সোমবার সিএনএন’র জরিপে অর্থনীতি বিষয়ক পরিকল্পনা ক্ষেত্রে খুবই কাছাকাছি অবস্থান দেখা গেছে দুই প্রতিদ্বন্দ্বীর। এক্ষেত্রে, ওবামার প্রতি জনসমর্থন রয়েছে ৫০ শতাংশ এবং রমনির প্রতি জনসমর্থন ৪৭ শতাংশ। তবে সোমবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের জরিপের ফল অনুযায়ী, নির্বাচনে মূল ভূমিকা রাখবে যে নয়টি অঙ্গরাজ্যের ফলাফল সেগুলোতে ১১ শতাংশ এগিয়ে আছেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৩৫ঘ.