জাতিসংঘ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতির কারণে বিশ্বে সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠেছে কোরিয়া উপদ্বীপ। এ অঞ্চলে কোনোরকম ‘উত্তাপ’ পরমাণু যুদ্ধের সূচনা করতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে সোমবার একথা বলেছেন উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী পাক কিল-ইয়ুন।
তিনি বলেন, উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের বৈরি ও আগ্রাসী নীতি কোরীয় উপদ্বীপ অঞ্চলে একটি চলমান ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে এ অঞ্চলটিতে যে কোনো মূহুর্তে পরমাণু যুদ্ধ শুরুর আশঙ্কা আছে।
উত্তর কোরিয়ার পরমাণু শক্তি দেশটির সার্বভৌমত্ব রক্ষার জন্য ‘একটি শক্তিশালী হাতিয়ার’ বলে উলে¬খ করেন ইয়ুন। বক্তব্যে উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং-উনের প্রশংসাও করেন তিনি।
২০০৬ ও ২০০৯ সালে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোয় জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ায়। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি থাকায় দেশের নিরাপত্তার জন্য পরমাণু শক্তি প্রয়োজন বলে দাবি করছে দেশটি।
ভাষণে ইয়ুন উত্তর কোরিয়ার পরমাণু শক্তিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী অস্ত্র বলে উলে¬খ করেন।
উত্তর ও দক্ষিণ কোরয়িাকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও চীনকে নিয়ে ছয় জাতি আলোচনা ২০০৮ সাল থেকে স্থগিত হয়ে রয়েছে।
জাতিসংঘের হিসাব অনুয়ায়ী, উত্তর কোরিয়ার এক তৃতীয়াংশ মানুষ অপুষ্টিতে ভুগছে। ১৯৯০ সালের বিশাল দুর্ভিক্ষ ও রাশিয়া দেশটিকে সহায়তা বন্ধ করে দেয়ার পর থেকে এখন পর্যন্ত এর অর্থনীতি প্রায় স্থবির।
অনেক দিন ধরেই উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র গবেষণা বন্ধ করার দাবি জানিয়ে আসছে দক্ষিণ কোরিয়া ও এর মিত্র দেশ যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে প্রায় ২৮ হাজার সেনা অবস্থান করছে।
১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়ার মধ্যে চলা যুদ্ধ বন্ধে সই হওয়া চুক্তিটি বর্তমানে যুদ্ধবিরতি চুক্তি হিসেবে কাজ করছে।
২০০৩ সালে জাতিসংঘের পরমাণু শক্তিবিরোধী চুক্তি থেকে প্রথম দেশ হিসেবে নাম প্রত্যাহার করে নেয় উত্তর কোরিয়া। বর্তমানে পরমাণু শক্তিই আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়ার একমাত্র চাল হিসেবে কাজ করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৪৫ঘ.
bdnews24