২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে ফেরি দুর্ঘটনা, গ্রেপ্তার ৬

হংকংয়ে ফেরি দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যুর ঘটনায় ছয় ক্রু গ্রেপ্তার হয়েছে। মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 03:30 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

হংকং, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হংকংয়ে ফেরি দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যুর ঘটনায় ছয় ক্রু গ্রেপ্তার হয়েছে। মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ১২০ জনেরও বেশি যাত্রী বোঝাই ফেরিটি অপর এক ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে লামা দ্বীপের কাছে ডুবে গেলে হতাহতের ঘটনা ঘটে। সোমবার রাতের এই দুর্ঘটনা হংকংয়ের ইতিহাসে অন্যতম ভয়াবহ নৌদুর্ঘটনা। এতে আহত হয়েছে ১শ’রও বেশি মানুষ। আর কত মানুষ নিখোঁজ রয়েছে তা এখনো জানা যায়নি। অন্ধকারের জন্য পরিষ্কার করে কিছু দেখতে না পাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। বিবিসি জানায়, পুলিশ এ ঘটনার পর ফেরি দুটির ৬ ক্রুকে গ্রেপ্তার করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন নিরাপত্তামন্ত্রী তাই তুং-কোক। আটককৃতরা নৌপরিচালনার জন্য দায়ী বলে জানিয়েছেন পুলিশ প্রধান সাং ওয়াই-হাং। তিনি বলেন, তারা নিরাপত্তার বিষয়টি আমলে না নিয়ে ফেরিতে মানুষ বোঝাই করেছে বলে প্রাথমিক তদন্তে আলামত পাওয়া যাচ্ছে। এ ঘটনায় অপরাধের অভিযোগে আরো কয়েকজন গ্রেপ্তার হতে পারে বলেও জানান হাং। চীনের জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আতশবাজীর প্রদর্শনী দেখতে একটি ইলেক্ট্রিক কোম্পানি তার কর্মচারীদের পরিবারসহ ফেরিতে ভ্রমণের আয়োজন করে। কিন্তু সহসাই ওই ফেরিটি অপর একটি ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে দ্রুত তলিয়ে যায়। উদ্ধার পাওয়া যাত্রীরা জানিয়েছেন, লাইফ জ্যাকেট নেওয়ার জন্য তারা খুব অল্প সময়ই পেয়েছেন। কেননা ফেরিটিতে দ্রুত পানি ঢুকে তুলিয়ে যায়। ফেরিডুবিতে বেঁচে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, “১০ মিনিটের মধ্যে ফেরিটি তলিয়ে যায়। উদ্ধার পেতে আমাদের ২০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।” বেঁচে যাওয়া কোনো কোনো যাত্রী জানিয়েছেন, যাত্রীদের অনেকে জানালা ভেঙ্গে সাঁতরে পানির ওপর উঠে আসে। “আমাদের মনে হচ্ছিল আমরা মারা যাচ্ছি। সবাই ভেতরে আটকা পড়েছিল”, বলেন বেঁচে যাওয়া মধ্যবয়সী এক যাত্রী। যে ফেরিটির সঙ্গে ধাক্কা লেগেছে ওই ফেরিটির স্বত্ত্বাধিকারী কোলুস ফেরি হোল্ডিংস। জানিয়েছে, ওই ফেরিটি নিরাপদেই লামা দ্বীপে ভিড়েছে। ফেরিটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে। লামা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ও জনপ্রিয় দ্বীপ। হংকংয়ে ১৯৯৬ সালে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে ৪০ জন নিহত হওয়ার পর এটিই শহরটির সবচেয়ে ভয়াবহ ও দুঃখজনক দুর্ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৭১৪ ঘ.