জাতিসংঘ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের রাষ্ট্রগুলো সিরিয়ার বিদ্রোহীদেরকে সমর্থন দিয়ে ‘সন্ত্রাসে’ মদদ দিচ্ছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম সোমবার এ অভিযোগ করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে তিনি বলেন, সিরিয়ায় সরকার এবং গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের মধ্যকার ১৮ মাসের লড়াই বাগে আনতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কাতার, সৌদি আরব এবং তুরস্ক অস্ত্র, অর্থ এবং বিদেশি যোদ্ধা দিয়ে ‘সন্ত্রাসবাদে’ মদদ যোগাচ্ছে।
যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সসহ আঞ্চলিক কয়েকটি দেশ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র, অর্থ সরবরাহ করে স্পষ্টতই শান্তি প্রচেষ্টা ক্ষুন্ন করছে বলে অভিযোগ করেন তিনি।
তাছাড়া, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের আন্তর্জাতিক আহ্বান সিরিয়ার অভ্যন্তরীন বিষয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ বলেও বর্ণনা করেন মুয়াল্লেম।
মুয়াল্লেমের এ বক্তব্যের আগে তার সঙ্গে এক বৈঠকে সিরিয়া পরিস্থিতির জন্য সেদেশের সরকারের তীব্র সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। সিরিয়া পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
কিন্তু ভাষণে পাল্টা অভিযোগে মুয়াল্লেম বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো সন্ত্রাস মোকাবেলার নামে যে যুদ্ধ শুরু করেছে তারাই এখন জাতিসংঘ প্রস্তাবনার কোনো তোয়াক্কা না করে আমার দেশে সন্ত্রাসে মদদ দিচ্ছে।”
জাতিসংঘ সিরিয়ায় বিদ্রোহীদের বোমা হামলা এবং তাদের এ কর্মকাণ্ডে কয়েকটি সদস্যরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানাতেও ব্যর্থ হয়েছে বলে মুয়াল্লেম অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০০০ঘ.
bdnews24