ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোজোনে এ বছর নতুন করে বেড়েছে বেকারত্বের হার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থার হিসাব অনুযায়ী, অগাস্টে এ হার দাঁড়িয়েছে ১ কোটি ৮২ লাখে।
অর্থাৎ, বেকার হয়েছে আরো ৩৪ হাজার মানুষ। জুলাইয়ের তথ্যে বেকারত্বের হার ১১ দশমিক ৪ শতাংশে স্থায়ী দেখা গেলেও তা ছিল রেকর্ডসংখ্যক।
ইউরো অঞ্চলের দেশগুলোর মধ্যে বেকারত্বের সর্বোচ্চ হার স্পেনে এবং সর্বনি¤œ অস্ট্রিয়ায়। স্পেনে বেকারত্বের হার ২৫ দশমিক ১ শতাংশ এবং অস্ট্রিয়ায় এ হার ৪ দশমিক ৫ শতাংশ।
এ অঞ্চলে অর্থনীতিতে প্রথম অবস্থানে থাকা দেশ জার্মানিতে বেকারত্বের হার ৫ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইইউ পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট।
জরিপে দেখা গেছে, পুরো ইউরো জোনেই ২৫ বছরের কম বয়সীদের মধ্যে বেকারত্বের হার বেশি। এ হার প্রায় ২২ দশমিক ৮ শতাংশ।
স্পেনে ২৫ বছরের কম বয়সীদের মধ্যে বেকারত্বের হার ৫২ দশমিক ৯ শতাংশ। গত জুন মাসের হিসাব অনুযায়ী গ্রিসে এ হার ৫০ শতাংশ।
ইউরো জোনের মধ্যে এ দেশ দুটিতে বেকারত্বের হার সবচেয়ে বেশি। অর্থনীতি বাঁচাতে বড় ধরনের ঋণ প্রাপ্তির শর্ত পূরণ করতে কর বৃদ্ধি এবং কঠোর ব্যয়সংকোচনের পদক্ষেপই স্পেন এবং গ্রিসে বেকারত্ব বেড়ে যাওয়ার কারণ বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে।
পরিসংখ্যানে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত ২৭টি দেশের মধ্যে বেকারের সংখ্যা ৪৯ হাজার জন বেড়ে ২ কোটি ৫৫ লাখে দাঁড়িয়েছে। আর বেকারত্বের হার ১০ দশমিক ৫ শতাংশে স্থিতিশীল আছে।
গত বছর এ অঞ্চলের ২০টি দেশে বেকারত্বের হার বেড়েছিলো, ছয়টিতে কমেছিলো এবং যুক্তরাজ্যে স্থিতিশীল ছিলো বলে পরিসংখ্যানে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮০৬ঘ.
bdnews24