ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের ৮০ ভাগ অঞ্চল সহিংসতামুক্ত বলে দাবি করেছেন ন্যাটোর এক জ্যেষ্ঠ কমান্ডার। তবে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এখনো সহিংসতা রয়েছে আর এসব সহিংসতার পেছনে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা দায়ী বলে দাবি করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) চিফ অব স্টাফ লেফট্যানান্ট জেনারেল অলিভিয়ার ডে বাভিনচোভ বলেন, “আফগানিস্তানের ৮০ ভাগ অঞ্চল এবং সেসব অঞ্চলের মানুষ নিরাপত্তা সমস্যা অথবা সহিংসতা দ্বারা আক্রান্ত নয়।”
“তবে বাকি অঞ্চল বা জেলাগুলোয় ঠিক এর বিপরীত চিত্র”, বলেন তিনি।
তবে জাতিসংঘের প্রতিবেদনে বাভিনচোভের এই দাবির ঠিক বিপরীত চিত্রই প্রকাশ পেয়েছে বলে দ্য ডন জানায়।
জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়, আফগানদের জন্য গত পাঁচ বছরের মধ্যে চলতি বছরের অগাস্ট ছিল সবচেয়ে প্রাণঘাতী মাস। ওই মাসের ১০ দিনেরও বেশি সময়ে দেশটিতে ৩৭৪ জন নিহত ও ৫৮১ জন আহত হয়েছে।
বাভিনচোভ বলেন, দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চল শান্তিপূর্ণ। সেখানে শাসনতান্ত্রিক উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। আর কম জনবসতিপূর্ণ মধ্যাঞ্চল সম্পূর্ণই নিরাপদ।
“দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে সীমান্ত রয়েছে যেখানে বিদ্রোহীরা অত্যন্ত সক্রিয়। বেশিরভাগ সময়েই তা খুব স্থানীয়ভাবেই সংগঠিত হয়। কিন্তু তাদের ওপর মূলত পাকিস্তান থেকে আসা যোদ্ধাদের সমর্থন রয়েছে”, বলেন তিনি।
“আইএসএএফ এখন নির্দিষ্টভাবে ওই অঞ্চলগুলোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে”, যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১১ ঘ.
bdnews24