মস্কো, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বিরুদ্ধে কঠোর জাতিসংঘ প্রস্তাবনা আনার পশ্চিমা-আরব উদ্যোগ দেশটিতে ‘গৃহযুদ্ধের পথ’ তৈরি করছে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ।
তিনি ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের খসড়া প্রস্তাবনা আনার পদক্ষেপে আপোস মীমাংসার পথ খোঁজার কোনো অবকাশ থাকবে না। ফলে পরিস্থিতি গৃহযুদ্ধে মোড় নেবে।”
সিরিয়া সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রস্তাবনাটি নিয়ে আলোচনা হবে। এ বৈঠকেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে কঠোর প্রস্তাবনা পাশের জন্য নিরাপত্তা পরিষদকে চাপ দেয়ার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো।
যুক্তরাষ্ট্রসহ এর মিত্র দেশগুলোর পাশাপাশি সিরিয়ার একটি বিরোধীদলও ইতোমধ্যে আসাদ বাহিনীর দমনাভিযানের বিরুদ্ধে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়া এবং আরব লিগের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ওদিকে, আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে আরব লিগের প্রস্তাবিত নতুন পরিকল্পনায় নিরাপত্তা পরিষদের সমর্থন চইছেন সংগঠনটির মহাসচিব নাবিল এল আরাবি।
রাশিয়া জাতিসংঘে সিরিয়ার বিরুদ্ধে কঠোর যে কোন প্রস্তাবেই ভেটো দেবে বলে ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে।
কিন্তু আরব লিগের পরিকল্পনা সমর্থনকারী পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার বিরোধী প্রস্তাবনায় রাশিয়ার এ ভেটো হুমকি ঠেকাতে চাইছেন।
সিরিয়ায় গত কয়েকদিনে সহিংসতায় ১শরও বেশি মানুষের মৃত্যুর পর দেশটির ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য চাপ বাড়ছে।
বিরোধী পক্ষের কর্মীদের বরাত দিয়ে বিবিসি জানায়, সোমবার সহিংসতায় নিহতদের মধ্যে ৪০ জনেরও বেশি বেসামরিক মানুষ রয়েছে। তবে তাদের এ দাবি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।
গত বছর মার্চ থেকে সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন চলছে। এতে দমনাভিযানে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৮ঘ.
bdnews24