সিরিয়া, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় বিদ্রোহীদের ওপর আসাদ বাহিনীর অভিযান জোরদার হতে থাকায় দেশটির ওপর কাঠোর জাতিসংঘ প্রস্তাবনা আরোপের জন্য পশ্চিমা ও আরব দেশগুলোর চাপ বাড়ছে।
মঙ্গলবার জাতিসংঘে সিরিয়া সংকট নিয়ে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে এ কঠোর প্রস্তাবনা পাশের জন্য নিরাপত্তা পরিষদকে চাপ দেয়ার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো।
যুক্তরাষ্ট্রসহ এর মিত্র দেশগুলোর পাশাপাশি সিরিয়ার একটি বিরোধীদলও ইতোমধ্যে আসাদ বাহিনীর দমনাভিযানের বিরুদ্ধে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়া এবং আরব লিগের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ওদিকে, আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে আরব লিগের প্রস্তাবিত নতুন পরিকল্পনায় নিরাপত্তা পরিষদের সমর্থন চইছেন সংগঠনটির মহাসচিব নাবিল এল আরাবি।
অন্যদিকে, আরব লিগের পরিকল্পনা সমর্থনকারী পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার বিরুদ্ধে যে কোনো কঠোর প্রস্তাবনায় রাশিয়ার ভেটো হুমকি ঠেকাতে চাইছে।
সিরিয়ায় গত কয়েকদিনে সহিংসতায় ১শরও বেশি মানুষের মৃত্যুর পর দেশটির ওপর কঠোর ব্যবস্থা আরোপের এ চাপ বাড়ছে।
বিরোধী পক্ষের কর্মীদের বরাত দিয়ে বিবিসি জানায়, সোমবার সহিংসতায় নিহতদের মধ্যে ৪০ জনেরও বেশি বেসামরিক মানুষ রয়েছে। তবে তাদের এ দাবি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।
গত বছর মার্চ থেকে সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন চলছে। এতে দমনাভিযানে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে।
সোমবার রাজধানী দামেস্কের আশপাশের বিদ্রোহী সেনাদের সঙ্গে আসাদ বাহিনীর তুমুল লড়াইয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী। তিনদিন টানা লড়াইয়ের পর শহরতলীগুলো পুনর্দখল করে সিরিয়া বাহিনী। এতে অন্তত একশ’ জন নিহত হয়।
আসাদের পদত্যাগ ও তার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি সোমবার বলেন, “নিরাপত্তা পরিষদের পদক্ষেপ গ্রহণ জরুরি। রাজনৈতিক সমাধান হিসেবে আরব লিগের পরিকল্পনা প্রত্যাখানকারী সিরীয় সরকারকে জনগণকে হত্যার অনুমতি নিরাপত্তা পরিষদ দেবে না বলেই আমরা বিশ্বাস করি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০০ঘ.
bdnews24