ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। ফ্লোরিডার মহাসড়কে অন্ততপক্ষে ১২টি গাড়ি ও ৬টি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জঙ্গলে আগুন লাগায় পার্শ্ববর্তী মহাসড়কটি ঘন ধোঁয়ায় ঢাকা ছিল। এরফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় আহত অন্ততপক্ষে ১৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সোমবার বিবিসি জানায়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি খুব সকালে বাড়ির দিকে যাচ্ছিলেন। তখন ওই দুর্ঘটনাস্থলটি ঘণ কুয়াশা আর ধোঁয়ায় ঢাকা ছিল। সেখানে হঠাৎ তিনি বেশ কয়েকটি গাড়ি পরস্পরের সাথে সংঘর্ষের শব্দ শুনতে পান। এরপরই মানুষজনের কান্না আর ভয়ার্ত চিৎকারের শব্দ আসতে থাকে।
ওই প্রত্যক্ষদর্শী বলেন, “এ সত্যিই ভয়ানক পরিস্থিতি। আমি যদি আপনাকে বলি তখন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, শুধু বলবো পৃথিবী যেন শেষ হয়ে যাচ্ছিল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২১ ঘ.
bdnews24