ডাবলিন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একশ’ ৪০ কোটি ইউরোর নোট দিয়ে একটি ঘর বানিয়েছেন আয়ারল্যান্ডের এক ব্যক্তি।
ফ্রাঙ্ক বাকলি নামের এ ব্যক্তি একজন শিল্পী। ডাবলিনের একটি ভবনের লবিতে এ অ্যাপার্টমেন্ট গড়ে তোলেন তিনি। চার বছর আগে ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে লবিটি খালি পড়ে ছিলো।
আয়ারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের টাকশাল থেকে একশ’ ৪০ কোটি ইউরোর ছেড়া ও নষ্ট নোট নিয়ে তা ব্যবহার করে এ ঘর তৈরি করেন বাকলি।
“যে পাগলামী আমাদের সবাইকে আকড়ে ধরেছিলো এটা তারই প্রতিফলন,” তার ‘শত কোটি ইউরোর ঘর’ সম্পর্কে বলেন এই শিল্পী।
তিনি বলেন, “যার কোনো মূল্য নেই তা থেকেই আমি একটা কিছু সৃষ্টি করতে চেয়েছিলাম।”
গত দশকের শুরুর দিকে ইউরোপীয় দেশগুলোর একক মুদ্রা ইউরো গ্রহণ করার পর আয়ারল্যান্ডে সহজ শর্তে ঋণের ছড়াছড়ি চলছিলো যা দিয়ে দেশের মানুষের সম্মপদ ফুলে ফেঁপে ওঠে।
কিন্তু ২০০৭ সালে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোতে মহামন্দা দেখা দিলে আয়ারল্যান্ডে মানুষের সম্পদের ওই উলম্ফনে ধস নামে। ‘সেলটিক টাইগার’ নামে পরিচিত ইউরোপের তৃতীয় বৃহত্তম এ দ্বীপ দেশ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়ে নিজেদের অর্থনৈতিক বিপর্যয় সামাল দেয়।
তখন একশ’ শতাংশ ঋণে তিন লাখ ৬৫ হাজার ইউরো মূল্যের একটি বাড়ি কেনেন বাকলি। তবে দুঃখজনক হলেও সত্য তার কোনো নির্ধারিত আয় ছিলো না।
তারপর আবার বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি। বউ নিয়ে ওই বাড়িতে থাকায় তার মূল্য অন্তত এক তৃতীয়াংশ কমে যায়।
‘বিলিয়ন ইউরোর ঘর’-এ ডিসেম্বরের শুরু থেকে বাস করছেন বাকলি। শয়নকক্ষের সঙ্গে একটি রান্নাঘর বানাতে বর্তমানে কাজ করছেন তিনি।
ঘরের মেঝে ও দেওয়াল ইউরোর নোটের বিভিন্ন অংশ দিয়ে করা হয়েছে। ঘরটি এতো গরম যে সেখানে কোনো কম্বল ব্যবহার না করেই রীতিমতো দিন পার করছেন বাকলি। যদিও ডাবলিনের আশপাশের বর্তমান তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৯০২ ঘ.
bdnews24