লিমা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পেরুর একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনে পুড়ে শনিবার ২৬ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
রাজধানী লিমায় ‘ক্রাইস্ট ইজ লভ’ নামের বেসরকারি একটি পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুনর্বাসন কেন্দ্র থেকে বের হয়ে যেতে চাওয়া দুই রোগী আগুনের সূত্রপাত ঘটায় বলেও তারা জানান।
পুনর্বাসন কেন্দ্রের রোগী উইলমার গার্সিয়া বলেন, “কেন্দ্রের কয়েকজন রোগী পালাতে চাইছিল। তারা কিছু কাপড়ে আগুন ধরিয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের দিকে ছুড়ে মারে। এতে ভেতরে আগুন ধরে যায়।”
নিহতদের বেশিরভাগ ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
লিমার মেয়র সুসারা ভিল্লেরান জানান, পুনর্বাসন কেন্দ্রটির পৌর লাইসেন্স নেই। পেরুতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ প্রয়োজন বলেও তিনি জানান।
স্থানীয় রেডিওকে তিনি বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। মাদকাসক্তদের সংশোধনের জন্য পরিবার-পরিজন পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। তবে, সেখানেও মাঝে মাঝে তারা আরো বেপরোয়া হয়ে যায়। এসব কেন্দ্র অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় ও পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকতে হবে।”
আগুনের কারণ অনুসন্ধানে দমকল বাহিনী ও আইনজীবীরা তদন্ত শুরু করেছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪৩০ ঘ.
bdnews24