তেহরান, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণবিক কর্মসূচির উদ্দেশ্য যাচাই করতে জাতিসংঘের পর্যবেক্ষকরা তেহরানে পৌঁছেছেন। এদিকে ইউরোপে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে দেশটির আইন প্রণেতারা।
আন্তর্জাতিক পরমাণু গবেষণা সংস্থার উপ মহা পরিচালক হারম্যান ন্যাকার্টসের নেতৃত্বে পর্যবেক্ষক দলের সদস্যরা তিন দিনের এই সফরে রোববার তেহরান পৌঁছান।
তেহরানের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে ভিয়েনা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি, ইরানের পরমাণু কর্মসূচির সম্ভাব্য সামরিক প্রয়োগ নিয়ে আমাদের যে উদ্বেগ তা তেহরান বুঝতে পারবে এবং আমাদের সহযোগিতা করবে।”
ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, দেশটি অস্ত্র তৈরির জন্যই এ পরমাণু কর্মসূচি শুরু করেছে। তবে ইরান বরাবরই তা অস্বীকার করে বলেছে, তাদের কোনো সামরিক উদ্দেশ্য নেই।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার জবাব দিতে রোববারই একটি বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বসছে ইরানের পার্লামেন্ট। এই বিল পাস হলে ইরান থেকে ইউরোপীয় ইউনিয়নে তেল রপ্তানি নিষিদ্ধ হবে।
ইউরোপীয় ইউনিয়ন গত সোমবার ইরানের তেল আমদানির ওপর স্থগিত নিষেধাজ্ঞা দিয়ে বলে, পরমাণু কর্মসূচির ব্যাপারে তেহরানের অবস্থা না বদলালে ৬ মাস পর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর পাল্টা ব্যবস্থা হিসেবেই রপ্তানি নিষেধাজ্ঞার বিল আনা হয়েছে ইরানি পার্লামেন্টে।
ইরানের পার্লামেন্টের জ্বালানি বিষয়ক কমিটির সদস্য মোয়ায়েদ হোসেইন-সদর বলেছেন, পার্লামেন্ট সদস্যরা রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে তা কার্যকর হতে দেরি হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৩০ ঘ.
bdnews24