কায়রো, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে আন্দোলনরতদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সিরিয়ায় পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম স্থগিত করেছে আরব লীগ।
শনিবার আরব লীগের মহাসচিব এক বিবৃতিতে বলেন, “সিরিয়ায় পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং সহিংসতা অব্যাহত থাকায় সেখানে আরব লীগের পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
“মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মিশন প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব।”
সিরিয়া বিষয়ে জাতিসংঘে নতুন সিদ্ধান্ত আনতে জোর তৎপরতা চালাচ্ছে আরব লীগ ও পশ্চিমা দেশগুলো।
জাতিসংঘের তথ্য মতে, সিরিয়ায় গত বছর মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ায় রক্তপাত বন্ধে করণীয় নিয়ে একটি প্রস্তাবের ওপর আলোচনা হয়। ওই প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মত দেয় ভেটো ক্ষমতা সম্পন্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া।
গত অক্টোবরেও চীনের সঙ্গে যৌথভাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে সিরিয়া সরকারবিরোধী একটি প্রস্তাব আটকে দেয় রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০৫১ ঘ.
bdnews24