গৌহাটি, ভারত, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মণিপুর রাজ্যে নির্বাচনী সহিংসতায় নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ সাতজন নিহত হয়েছে।
এনডিটিভি জানায়, নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগালান্ডের (এনএসসিএন) সদস্যরা শনিবার মণিপুরের চান্দেল জেলার প্রত্যন্ত চাকপি কারোং গ্রামে একটি ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালালে এ সহিংসতা হয়।
ভোট কেন্দ্র রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালালে উভয়পক্ষের গোলাগুলিতে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্যসহ সাতজন নিহত হয়। এ সময় সিআরপিএফ’র চার সদস্য আহত হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। বাকি তিনজন দায়িত্বরত নির্বাচন কর্মী।
মণিপুর বিধানসভার ৬০ জন সদস্য নির্বাচনে শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চান্দেল জেলায় এ সহিংসতার ঘটনা ঘটলেও দুপুর পর্যন্ত ভোটগ্রহণে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
এ বছরের শুরুতে মণিপুরসহ ভারতের মোট পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে। কেন্দ্রীয় জোট সরকারের নেতৃত্বে থাকা কংগ্রেস দলই মণিপুরে আবারো সরকার গঠন করতে পারে বলে ধারণা করছেন নির্বাচনী বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/২৩১০ ঘ.
bdnews24