২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইট সেন্সর করবে টুইটার

টুইট সেন্সরের নতুন প্রযুক্তি যোগ হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট টুইটারে। এতে করে নির্দিষ্ট কোনো দেশে নির্দিষ্ট কোনো টুইট ব্লক করে দিতে পারবে টুইটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

সানফ্রান্সিসকো, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-টুইট সেন্সরের নতুন প্রযুক্তি যোগ হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট টুইটারে। এতে করে নির্দিষ্ট কোনো দেশে নির্দিষ্ট কোনো টুইট ব্লক করে দিতে পারবে টুইটার। তবে এ পদক্ষেপের ফলে টুইটার মতপ্রকাশের স্বাধীনতা কিভাবে নিয়ন্ত্রণ করবে সে প্রশ্নটি নতুন করে সামনে চলে আসছে। টুইটার এ পর্যন্ত কোনো দেশের সরকারের কাছ থেকে কোনো টুইট সরিয়ে নেওয়ার লিখিত অনুরোধ পেলেই কেবল তা তাদের গ্লোবাল নেটওয়ার্ক থেকে সরিয়ে নিতে পারত। কিন্তু নতুন ব্যবস্থায় টুইটার নিজে থেকেই কোনো টুইট বাছাই করে তা ব্লক করতে পারবে। ফলে ওই টুইট কোনো দেশের টুইটার ব্যবহারকারীদের কাছে গোপন রাখা সম্ভব হবে। বাদবাকী বিশ্বের টুইটার ব্যবহারকারীদের কাছে টুইটটি খোলা রেখেই নির্দিষ্ট কোনো দেশের জন্য কোনো নির্দিষ্ট টুইট সেন্সর করা যাবে নতুন পদ্ধতিতে। আর তাই টুইটার ব্লগে বলা হয়েছে, “আজ থেকে আমরা নির্দিষ্ট কোনো টুইট কোনো একটি দেশের ব্যবহারকারীদের কাছে প্রকাশ না করা এবং বিশ্বের বাকি ব্যবহারকারীদের কাছে তা প্রকাশ্য রাখার সক্ষমতা অর্জন করেছি।” এতে আরো বলা হয়েছে, “আমাদের আন্তর্জাতিক পরিব্যাপ্তী বাড়ছে। ফলে আমরা এমন সব দেশেও প্রবেশ করতে পারি যারা মতপ্রকাশের স্বাধীনতার সীমারেখা নিয়ে আলাদা ধ্যান-ধারণা পোষণ করে।” তবে টুইটারের মুখপাত্র ব্লগে বিষয়টি ব্যাখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪০ঘ.