২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডা বিতর্কে রমনির কাছে ধরাশায়ী গিংরিচ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের বিতর্কে বৃহস্পতিবার নিউ গিংরিচকে বাক্যবাণে ধরাশায়ী করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

জ্যাকসনভিল, ফ্লোরিডা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের বিতর্কে বৃহস্পতিবার নিউ গিংরিচকে বাক্যবাণে ধরাশায়ী করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনি। ৩১ জানুয়ারি ফ্লোরিডায় প্রাইমারী ভোটের আগে এ বিতর্কেই সবচেয়ে জোরালো বক্তব্য রেখেছেন রমনি। এর মধ্য দিয়ে সাউথ ক্যারোলাইনায় হেরে যাওয়া রমনি অল্প সময়ের মধ্যেই প্রতিদ্বন্দ্বী গিংরিচকে ঠেলে আবারো সামনে এগোলেন। তাছাড়া, বিতর্কের আগেও তিনটি নতুন জরিপে দেখা গেছে ফ্লোরিডায় রমনিই ৭-৮ পয়েণ্টে এগিয়ে আছেন। ফলে এ রাজ্যে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কঠিন লড়াইয়েরই আভাস পাওয়া যাচ্ছে। আগের বিতর্কগুলোতে নিজের দক্ষতা দেখালেও বৃহস্পতিবার রমনির আক্রমণে যেনো থই পাচ্ছিলেন না গিংরিচ। শনিবার সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে গিংরিচের কাছে হেরে চাপে পড়েন রমনি। আর তাই ফ্লোরিডায় জয়ের ধারায় ফিরতে তিনি মরিয়া। মঙ্গলবার ফ্লোরিডায় ভোট হওয়ার কথা রয়েছে। ভোটের আগে জনমত জরিপগুলোতে দুই প্রার্থীর অবস্থান কাছাকাছি হলেও সর্বশেষ জরিপে এগিয়ে আছেন রমনি । রিপাবলিকান দলের প্রাইমারী ও ককাস থেকে বিজয়ী প্রার্থীকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। ২০১২ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট বারাক ওবামাকে মোকাবেলা করবেন ওই প্রার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২০ঘ.