গুয়াতেমালা সিটি, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখে গুয়েতেমালার সাবেক সামরিক নেতা জেনারেল এফরেইন রিওস মন্ট।
১৯৮২-১৯৮৩ সালে তিনি ক্ষমতায় থাকাকালে দেশটির গৃহযুদ্ধে সবচেয়ে বড় হত্যাযজ্ঞ ঘটে। বামপন্থী বিদ্রোহীদের দমনে সরকারি উদ্যোগে সেসময় আদিবাসী মায়ান সম্প্রদায়ের গোটা গ্রামের লোকজনকে হত্যা করা হয়।
রিওস মন্ট ওই হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন এবং আদালতে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
কংগ্রেস সদস্য হিসেবে রিওস গত ১২ বছর ধরে বিচার থেকে মুক্তি পেয়ে আসছেন। তবে গত ১৪ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিচার থেকে মুক্তি দেওয়ার নির্দেশও প্রত্যাহার করা হয়।
স্থানীয় এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রিওসের আইনজীবী গোনজালো রোডরিগেজ গালভেজ বলেন, তিনি নিশ্চিত যে সাবেক এ সেনাসদস্য এ অপরাধের জন্য দায়ী নন।
তবে বাদিপক্ষের আইনজীবীরা মামলার শুনানিতে বলেন, হত্যাকাণ্ডের সময় রিওস উপস্থিত না থাকলেও সেসময়কার সেনাবাহিনীর চেন অব কমান্ডের জন্য তার ওপর এসব দায় এসে পড়েছে।
আইনজীবী ম্যানুয়েল ভাসকেজ জানান, তিনি এমন কিছু ডকুমেন্ট, ভিডিও ও বিবৃতি উপস্থাপন করতে পারবেন যা দিয়ে আদিবাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর পাল্টা অভিযানের পরিকল্পনা করা এবং তদারকির অভিযোগ আনা যাবে রিওসের বিরুদ্ধে।
তিনি রিওসের বিরুদ্ধে ১শ’টি গণহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনেন। এসব হত্যাযজ্ঞে ১ হাজার ৭শ’ ৭১ জন নিহত ও ২৯ হাজার মানুষ গৃহহীন হয়েছে।
মামলার শুনানির আগে মানবাধিকার কর্মী ও গণহত্যার শিকার হওয়াদের আত্মীয়-স্বজনরা মামলার প্রাথমিক শুনানিকে স্বাগত জানিয়ে আদালতের বাইরে জড়ো হয়।
এক হিসেব অনুযায়ী, গুয়াতেমালায় চলা যুদ্ধে প্রায় ২ লাখ মানুষ নিহত বা নিখোঁজ হয়। ১৯৯৬ সালে এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তবে রিওস মন্টের ১৭ মাসের শাসনামলকে এ যুদ্ধের সবচেয়ে ভয়াবহ সময় বলেই মনে করা হয়।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৪৪ঘ.
bdnews24