২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে পিআইপি মালিক গ্রেপ্তার

ব্রেস্ট ইমপ্লান্টে নিম্নমানের সিলিকন ব্যবহারের অভিযোগে পলি ইমপ্লান্ট প্রথিসি (পিআইপি) ফার্মের মালিক ও প্রতিষ্ঠাতা জ্যঁ-ক্লদে মাসকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

মার্শেইলি, ফ্রান্স, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ব্রেস্ট ইমপ্লান্টে নিম্নমানের সিলিকন ব্যবহারের অভিযোগে পলি ইমপ্লান্ট প্রথিসি (পিআইপি) ফার্মের মালিক ও প্রতিষ্ঠাতা জ্যঁ-ক্লদে মাসকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ। পিআইপি’র প্রধান মাসকে স্থানীয় সময় সকাল ৭ টায় ফ্রান্সের দক্ষিণাঞ্চলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করাসহ বাড়ি তল্লাশি করা হয়। পুলিশের এক সূত্র জানায়, তদন্তের জন্য তাকে ৪৮ ঘণ্টা আটকে রাখা হবে। তার বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণ হত্যা বা আহত করার অভিযোগ আনা হবে কিনা এ সময় তদন্তকারীরা সে সিদ্ধান্ত নেবেন। এর আগে ৮ ডিসেম্বের পিআইপি’র আরেকজন নির্বাহীকে গ্রেপ্তার করা হয়। মাসের পিআইপি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৩ লাখ ইমপ্লান্ট বিক্রি করেছে। তবে অনুমোদনবিহীন সিলিকন দিয়ে ইমপ্লান্ট তৈরির বিষয়টি সম্প্রতি স্বীকার করায় বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। চিকিৎসা কাজে ব্যবহারের অনুপযোগী সিলিকন দিয়ে ইমপ্লান্ট তৈরি করায় সেগুলো ফেটে যাওয়া কিংবা ফুটো হয়ে যাওয়ার আশঙ্কায় ২০১০ সালের মার্চে পিআইপি ইমপ্লান্ট নিষিদ্ধ করে ফ্রান্স। বন্ধ হয়ে যায় কোম্পানিটিও। ৬৫ টি দেশের বিশেষত ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের নারীরা পিআইপি ইমপ্লান্ট নিয়েছে। ২০১১ সালের ডিসেম্বরে ফরাসি সরকার নারীদেরকে পিআইপি থেকে কেনা ইমপ্লান্ট অপসারণের নির্দেশ দেয়। জার্মানি, চেক রিপাবলিক এবং ভেনেজুয়েলাতেও স্বাস্থ্য বিভাগ থেকে নারীদেরকে একই পরামর্শ দেওয়া হয়। ফ্রান্সেই প্রায় ২ হাজার ৭শ’ নারী মাসের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৯ঘ.