ওয়াশিংটন, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বোমা তৈরির মতো প্রয়োজনীয় উচ্চমানের ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম না হওয়ায় ইরানের এ বছর পরমাণু বোমা তৈরির সম্ভাবনা নেই।
বুধবার ‘বিজ্ঞান ও আন্তর্জাতিক নিরাপত্তা ইন্সটিটিউট’ এর এক খসড়া প্রতিবেদনে এ মত ব্যক্ত করা হয়েছে। তবে প্রতিবেদনটি এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রকাশিত এ প্রতিবেদন স¤প্রতি বিষয়টি নিয়ে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনের চেয়ে পশ্চিমাদের জন্য অনেক স্বস্তিদায়ক। প্রকাশিত অন্যান্য প্রতিবেদনের সূত্র ধরে ইতিমধ্যে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যতদিন সীমাবদ্ধতা থাকবে ততদিন পরমাণু অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিতে পারবে না ইরান।”
যুক্তরাষ্ট্রের ইন্সটিটিউট অব পিস (ইউএসআইপি) এর আর্থিক সহয়তায় তৈরি করা এ প্রতিবেদনে আরো বলা হয়, ইরান পরমাণু বোমা তৈরি করার সিদ্ধান্ত নেয়নি।
অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলের সামরিক হামলার ভয় ইরানের পরমাণু প্রকল্পের প্রতিবন্ধক হিসেবে কাজ করছে বলে প্রতিবেদনে উল্লে¬খ করা হয়।
ইউএসআইপি একটি স্বাধীন অরাজনৈতিক প্রতিষ্ঠান। মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তে ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি তৈরি করা হয়। পরমাণু বিশেষজ্ঞ ড্যাভিড অলব্রাইট ইন্সটিটিউটটির প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্র সরকার প্রতিষ্ঠানটির তহবিলের যোগানদাতা।
এ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর পক্ষে ইরানের পরমাণু সক্ষমতার বিষয়ে পরামশর্ক হিসেবে কাজ করে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা জানান, ইরান পরমাণু বোমা বানানোর সিদ্ধান্ত নেয়নি। পরমাণু বোমা বানানোর লাভক্ষতি হিসাব করছেন ইরানি নেতারা। ইরানের পরমাণু প্রকল্প মূলত বেসামরিক উদ্দেশ্যই নিয়োজিত, কিন্তু তা অন্য দিকে মোড় নেওয়ার প্রস্তুতিও তাদের আছে।
পশ্চিমা শক্তিগুলো ও ইসরায়েরের সন্দেহ বেসামরিক কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। আর ইরানের দাবি, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৪৫১ঘ.
bdnews24