২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আল কায়েদা এখনও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি’

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদা এখনও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদা এখনও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা। বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকার তিনি একথা জানান বলে পাকিস্তানি সংবাদপত্র ডনের এক খবরে বলা হয়েছে। রোববার পানেট্টার ওই সাক্ষাৎকারটি স¤প্রচার হওয়ার কথা রয়েছে। এতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন ও আনওয়ার আল-আবলাকিকে হত্যার পরও জঙ্গি সংগঠনটি ‘যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত হুমকি’। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র আল কায়েদার বৈশ্বিক নেটওয়ার্কে হামলার পরিকল্পনা করছে বলেও পেন্টাগন প্রধান জানান। সিবিএস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আল কায়েদা যেখানে আছে আমরা সেখানেই ধাওয়া করবো।” তিনি আরো বলেন, “আমরা পাকিস্তানে আল কায়েদার সঙ্গে লড়ছি। উত্তর আফ্রিকার ইয়েমেন, সোমালিয়াতেও আমরা তাদের সঙ্গে লড়াই করছি। এমনকি আফগানিস্তানেও আল কায়েদা সংশ্লিষ্টদের সঙ্গে আমরা যুদ্ধ করছি।” মার্কিন সেনাবাহিনী কি আল কায়েদাকে পরাজিত করতে পেরেছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনও পর্যন্ত না। তারা এখনও হুমকি। আল কায়েদা এখনও রয়ে গেছে এবং তারা যেখানে আছে সেখানেই চাপ অব্যাহত রেখেছি।” ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) হামলার পর আল কায়েদার শীর্ষ ১০ নেতার নাম তালিকাভুক্ত করে মার্কিন কর্তৃপক্ষ। তাদের মধ্যে একমাত্র আইমান আল-জাওয়াহিরি জীবিত রয়েছেন। গত বছর মে মাসে পাকিস্তানে মার্কিন কমান্ডো বাহিনীর হামলায় আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর জাওয়াহিরিকে দলটির নতুন নেতা নির্বাচন করা হয়। এছাড়া ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর আল কায়েদার শীর্ষ ২০ জন নেতার মধ্যে আটজন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩৭ ঘ.