২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের দখলকৃত শহর ছাড়ছে জঙ্গিরা

কারাগার থেকে কয়েক সঙ্গীর মুক্তি ও ইসলামি শরিয়া আইনানুযায়ী শহর পরিচালনা কর্তৃপক্ষ গঠনের বিনিময়ে ইয়েমেনের দখলকৃত রাড্ডা শহর ছেড়ে যাচ্ছে আল কায়েদা জঙ্গিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

সানা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কারাগার থেকে কয়েক সঙ্গীর মুক্তি ও ইসলামি শরিয়া আইনানুযায়ী শহর পরিচালনা কর্তৃপক্ষ গঠনের বিনিময়ে ইয়েমেনের দখলকৃত রাড্ডা শহর ছেড়ে যাচ্ছে আল কায়েদা জঙ্গিরা। নিহত আরব উপদ্বীপের আল কায়েদা নেতা আনওয়ার আওলাকির এক আত্মীয় তারেক আল দাহাবের নেতৃত্বে এক সপ্তাহ আগে শহরটির দখল নিয়েছিলো তারা। শহরটি ইয়েমেনের রাজধানী সানা থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত। জঙ্গিরা শহরটি দখল করায় লোহিত সাগরের জাহাজ চলাচল পথের কাছে তাদের ঘাঁটি গড়ে ওঠার আশঙ্কা দেখা দেয়। শহরটি ছেড়ে যাওয়ার বিনিময়ে সেখানে ইসলামি শরিয়া আইন চালু ও কারাগার থেকে তার এক ভাই নাবিলসহ কয়েকজন সঙ্গীকে ছেড়ে দেওয়ার দাবি জানায় দাহাব। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়া স্থানীয় এক আদিবাসী নেতা আহমেদ আল কালজ মঙ্গলবার রাতে জানান, “বুধবার থেকে কার্যকর হতে চলা ওই চুক্তি অনুযায়ী, নিজ অনুসারীদের নিয়ে দাহাবের শহর ছেড়ে যাওয়ার কথা। তারা শহর থেকে দূরবর্তী একটি গ্রামে চলে যাওয়ার পর কেন্দ্রীয় নিরাপত্তা কারাগার থেকে আল কায়েদা বন্দিদের ছেড়ে দেওয়া হবে।” কারাগার থেকে ১৫ আল কায়েদা জঙ্গিকে ছাড়ার পণ হিসেবে স্থানীয় দুই জেষ্ঠ্য আদিবাসী নেতার দু’জন সন্তানকে তার হাতে তুলে দেওয়া হয় বলে জানান কালজ। আর ইয়েমেনের সমস্ত আইনই ইসলামিক আইনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়ায় রাড্ডা কর্তৃপক্ষ ইয়েমেনের আইনই অনুসরণ করবে বলে দাহাবকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান কালজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২৫ঘ.