প্যারিস, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফরাসি পার্লামেন্টে সোমবার আর্মেনিয়া হত্যাযজ্ঞকে গণহত্যা হিসাবে অনুমোদন দিয়ে একটি বিল পাশ করেছে।
এর আওতায় প্রায় এক শতাব্দী আগে অটোমন তুর্কিদের হাতে আর্মেনীয় নিধনযজ্ঞকে ‘গণহত্যা’ বলতে অস্বীকৃতি জানানোটা অপরাধ হিসাবে গণ্য হবে।
তুরস্ক বরাবরই আর্মেনীয় হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ বলে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
আর সেকারণেই ফ্রান্সের আর্মেনীয় গণহত্যা বিল পাশের পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছে তুরস্ক।
সোমবার ফরাসি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ভোটে বিলটি পাশের পর লিখিত এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ তা দায়িত্বজ্ঞানহীনতারই শামিল।”
তুরস্ক এর বিরুদ্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে বলেও সতর্ক করা হয়েছে বিবৃতিতে।
তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী সাদুল্লাহ এরজিন বলেন, ফ্রান্সের সিনেটে ১২৭ ভোটে বিলটি পাশ হয়েছে। এর বিপক্ষে পড়েছে ৮৬ ভোট। এটি অবিচার ও তুরস্কের প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ না থাকারই পরিচায়ক।
প্রায় ছয় ঘণ্টা বিতর্কের পর সিনেট সদস্যরা বিলটি পাশ করেন।
১৯১৫ থেকে ১৬ সালের মধ্যে অটোমান সাম্রাজ্য ভাগ হয়ে যাওয়ার সময় প্রায় ১৫ লাখ মানুষ নিহত হয়েছে বলে আর্মেনিয়ার সরকার জানিয়েছে।
তুরস্ক এ হত্যাকে গণহত্যা বলতে অস্বীকৃতি জানিয়ে হতাহতের সংখ্যা আরো কম বলে দাবি করেছে।
বিলটি এখন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির কাছে পাঠানো হবে। সারকোজি সই করার পর তা আইনে পরিণত হবে। ফেব্র“য়ারি মাসের মধ্যেই সারকোজি এ বিলে সই করবেন বলে ধারণা করা হচ্ছে।
ওদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে চ্যানেল প্লাস টেলিভিশনকে জানান, আইনটি খারাপ সময়ে হয়েছে। সেইসঙ্গে তিনি তুরস্ককে শান্ত হওয়ার আহ্বান জানান। জুপে এ বিলের বিরোধী ছিলেন।
গত বছর ডিসেম্বরে ফরাসি পার্লামেন্টের নিন্মকক্ষ বিলটি পাশ করে। এর প্রতিক্রিয়ায় ফ্রান্সের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক বৈঠক বাতিল করে দেয় তুরস্ক। এছাড়া আলোচনার জন্য ফ্রান্সে নিয়োজিত রাষ্ট্রদূতকেও ডেকে পাঠায়।
ফ্রান্সে নিয়োজিত তুর্কি রাষ্ট্রদূত তাহসিন বারকৌগলু জানান, পার্লামেন্টের এ ভোট দু’দেশের সম্পর্কে আরো জটিলতা সৃষ্টি করবে। এর ফলে ফ্রান্সে কূটনীতিক উপস্থিতিও নিুপর্যায়ে নামিয়ে আনতে পারে তুরস্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৭ঘ.
bdnews24