বনি ওয়ালিদ, লিবিয়া, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর বনি ওয়ালিদ গাদ্দাফি অনুগত সেনারা দখল করে নিয়েছে বলে প্রকাশিত খবর অস্বীকার করেছেন শহরের নেতৃস্থানীয়রা। আর একে ‘স্থানীয় ক্ষুদ্র ঘটনা’ বলে বর্ণনা করেছে এনটিসি।
সোমবারের ঘটনাটিকে শহরের স্থানীয় নাগরিকদের মধ্যে সংঘটিত সহিংসতা বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবার শহরের নেতৃস্থানীয় ও গোত্রপ্রধানরা লিবিয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ধরনের বিদ্রোহের প্রচেষ্টার কথা অস্বীকার করেছেন। গাদ্দাফির পরিবারকে ক্ষমতায় বসাতে চাচ্ছেন এ ধরনের অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছেন, নিজেদের শহরের বাইরের কোনো বিষয় নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই।
বনি ওয়ালিদের স্থানীয় একটি মসজিদে জড়ো হওয়া শহরের নেতৃস্থানীয় ব্যক্তি মিফতাহ জুবারা বলেন, “বনি ওয়ালিদে গাদ্দাফিপন্থীদের তৎপরতা অভিযোগ সত্য নয়। লিবিয়ার বিপ্লব আমাদের সবাইকে ভাই বানিয়ে দিয়েছে।”
সরকারপক্ষের প্রতিনিধিরা পালিয়ে যাওয়ায় তারা একটি নগর কর্তৃপক্ষ গড়ার উদ্দেশ্যে ওই মসজিদে মিলিত হয়েছেন।
জুবারা জানান, অগ্রগতির পথে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
ত্রিপোলিতে এনটিসি সরকারের এক কর্মকর্তা ঘটনাটিকে ‘স্থানীয় ক্ষুদ্র ঘটনা’ বলে বর্ণনা করে জানান, ঘটনাটিকে তিনি কোনো হুমকি মনে করছেন না।
তবে পরিস্থিতি যাই হোক, সোমবার মরু শহর বনি ওয়ালিদে সহিংসতার ঘটনা ঘটেছে এবং স্থানীয় হামলাকারীরা ত্রিপোলির প্রতিনিধিদের ওপর চড়াও হয়েছে। এ ধরনের ঘটনা নতুন লিবিয়া গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে বিশ্লেষকদের ধারণা।
সোমবার দিনের শেষভাগে আকাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখেছেন বনি ওয়ালিদের নাগরিকেরা। ত্রিপোলি থেকে এনটিসির বাহিনী এসে বনি ওয়ালিদের ৫০ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে।
তবে শহরটিতে অভিযান পরিচালনার কোনো নির্দেশ সেনাদের দেওয়া হয়নি।
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফৌজি আব্দ আল অল ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “লিবিয়ার নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারীকে কঠোর হস্তে দমন করা হবে।”
তিনি জানিয়েছেন, বনি ওয়ালিদের ঘটনা পরিষ্কার না হওয়া পর্যন্ত এনটিসি বাহিনী সেখানে কোনো অভিযান পরিচালনা করবে না।
বনি ওয়ালিদের বাসিন্দারা এনটিসি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। আর নাম প্রকাশে অনিচ্ছুক এনটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, এটি কোনো বিদ্রোহের ঘটনা নয়, স্থানীয়দের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তাই এ বিষয়ে অর্ন্তবর্তী সরকারের কোনো তাড়া নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৪ ঘ.
bdnews24