২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি’র বিচারের মুখে কেনিয়ার দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশী উরু কেনিয়াত্তা এবং উইলিয়াম রুতোসহ চারজনের বিচার করা হবে বলে সোমবার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

আমস্টারডাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশী উরু কেনিয়াত্তা এবং উইলিয়াম রুতোসহ চারজনের বিচার করা হবে বলে সোমবার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। উরু কেনিয়াত্তা কেনিয়ার অর্থমন্ত্রী এবং উইলিয়াম রুতো সাবেক শিক্ষা মন্ত্রী। আদালতের এ রায় সত্ত্বেও কেনিয়াত্তা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর সংকল্প জানিয়েছেন। এ দুজনের সঙ্গে অভিযুক্ত হয়েছেন আরো দু’জন বিশিষ্ট কেনীয় রাগরিক। তাদেরও বিচার হবে। কেনিয়ায় ২০০৭ সালে অনুষ্ঠিত বিরোধপূর্ণ নির্বাচনের পর ছড়িয়ে পড়া সহিংসতায় তারা ইন্ধন যুগিয়েছেন বলে অভিযোগ আছে। তাদেরকে বিচার করার আদালতের এ সিদ্ধান্তে দু’জনের যে কারো বা দুজনেরই আগামী বছর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে, কেনিয়াবাসী যদি মনে করে ওই সহিংসতার জন্য যারা প্রকৃতপক্ষে দায়ী তাদের বিচার হয়নি বা এটা অবিচার তবে দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। ২০০৭ সালের নির্বাচন পরবর্তী সহিংসতায় কেনিয়ায় ১ হাজার ২০০ মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতে দুটি পৃথক মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন সংস্থাটির প্রধান কৌসুলি লুইস মোরেনো-ওকাম্পো। বিডিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৫ঘ.