২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনকে আন্না : দেশের সঙ্গে প্রতারণা করেন কিভাবে?

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে দেশের সঙ্গে প্রতারণার অভিযোগ এনেছেন গান্ধীবাদী সমাজসেবক আন্না হাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

নয়া দিল্লি¬, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে দেশের সঙ্গে প্রতারণার অভিযোগ এনেছেন গান্ধীবাদী সমাজসেবক আন্না হাজারে। লোকপাল বিল নিয়ে মনমোহনকে লেখা এক চিঠিতে গান্ধীবাদী ওই নেতা লিখেছেন, “আপনি দেশের সঙ্গে প্রতারণা করেন কিভাবে?” ডিসেম্বরে লোকপাল বিল সংশোধনের দাবিতে অনশনের পর এই প্রথম ইস্যুটি নিয়ে মুখ খুললেন তিনি। সরকার প্রস্তাবিত লোকপাল বিলের প্রতি অনাস্থা জানিয়ে লেখা ওই চিঠিতে তিনি মনমোহনকে প্রশ্ন করেন, “প্রস্তাবিত বিলটি কি সত্যিই কঠোর লোকপাল বিল?” ৭৪ বছর বয়সী আন্না প্রধানমন্ত্রীকে আরো কঠোর লোকপাল বিল প্রণয়নের আহ্বান জানিয়ে লিখেছেন, “একটি দৃঢ় লোকপাল আইন তৈরি করুন, দেশ আপনাকে মনে রাখবে।” ওই একই চিঠিতে সরকারের বিরুদ্ধে পার্লামেন্ট নিয়ন্ত্রণেরও অভিযোগ এনেছেন তিনি। পাঁচ রাজ্যের বিধানসভায় লোকপাল বিল উত্থাপনের আগ মূহুর্তে লোকপাল ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী এবং বিজেপি সভাপতি নিতিন গাদকারির কাছেও চিঠি লিখেছেন তিনি ও তার অনুসারীরা। এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী এবং সমাজবাদী দল প্রধান মুলায়াম সিং যাদবকেও চিঠি পাঠিয়েছেন আন্না ও তার অনুসারীরা। দুর্নীতি প্রতিরোধে লোকপাল আইন প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছেন আন্না হাজারে। দাবি প্রতিষ্ঠায় তার আমরণ অনশনের চাপেই লোকপাল বিল প্রণয়ন করেছে কংগ্রেসের মনমোহন সরকার। কিন্তু সরকার প্রস্তাবিত ওই বিল দুর্নীতি প্রতিরোধ করতে পারবে না, এমন অভিযোগে জানিয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছেন আন্না হাজারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এবি/এলকিউ/১৬৫০ঘ.