ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব সাগরে নিজেদের জলসীমা থেকে ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান। রোববার পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা একথা জানায়।
সংস্থাটির বিবৃতির বরাত দিয়ে সংবাদপত্র ডনের এক খবরে বলা হয়েছে, শনিবার নিয়মিত টহলের সময় ১৪টি মাছ ধরা নৌকা ও জেলেদের আটক করে পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা।
তদন্তের জন্য আটক করা জেলেদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
আরব সাগরে জলসীমা লঙ্ঘণের অভিযোগে ভারত পাকিস্তান প্রায়ই জেলেদের আটক করে থাকে।
এ মাসের শুরুর দিকে সাজা শেষে আটক প্রায় ১৭৯ জন জেলেকে মুক্তি দেয় পাকিস্তান। আরো প্রায় ৩৬০ জন ভারতীয় পাকিস্তানে কারাগারে রয়েছে, যাদের অধিকাংশই জেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫২ ঘ.
bdnews24