২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইয়েমেন ছাড়লেন সালেহ

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইয়েমেন ছেড়েছেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ। রওয়ানা হওয়ার আগে নিজ শাসনামলে “কোনো অবহেলা” হয়ে থাকলে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 08:47 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

সানা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইয়েমেন ছেড়েছেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ। রওয়ানা হওয়ার আগে নিজ শাসনামলে “কোনো অবহেলা” হয়ে থাকলে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। গত এক বছর ধরে চলা অস্থিরতার পর রোববার তার দেশত্যাগের মাধ্যমে ইয়েমেনে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি হলো। ইয়েমেনের অস্থিরতা নিরসনে প্রতিবেশি উপসাগরীয় দেশগুলোর এক পরিকল্পনা অনুযায়ী বিচার থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা সালেহর। সালেহকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি (ভিসা) দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশ ছাড়ার আগে নিজ দল জেনারেল পিপলস কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে সালেহ বলেন, “আমার ৩৩ বছরের শাসনামলে কোনো অবহেলা হয়ে থাকলে তার জন্য আমি ইয়েমেনের প্রত্যেক নারী ও পুরুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি ক্ষমাশীলতা আশা করছি এবং সব ইয়েমেনি নারী ও পুরুষের প্রতি সমবেদনা প্রকাশ করছি।” “এখন আমাদের অবশ্যই শহীদ ও আহতদের প্রতি মনোযোগ দেওয়া উচিত,” বলেন তিনি। টেলিভিশনে স¤প্রচারিত ওই ভাষণে তিনি আরো বলেন, “খোদার ইচ্ছায়, চিকিৎসার জন্য আমি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি জেনারেল পিপলস কংগ্রেস পার্টির প্রধান হিসেবে আবারও সানায় ফিরে আসবো।” সালেহর এক সহযোগী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে দুই থেকে তিনদিন সালেহ প্রতিবেশি ওমানে থাকবেন। তবে ওমানের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রানজিট যাত্রী হিসেবে তিনি কয়েক ঘণ্টার জন্য ওমানে অবস্থান করবেন। এদিকে, রোববারও সালেহকে বিচার থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ জানায় কয়েক হাজার বিক্ষোভকারী। তারা কয়েকশ’ সরকারবিরোধীকে হত্যার দায়ে সাহেলর বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে। গত এক বছরে ইয়েমেনে সালেহ সরকারবিরোধী আন্দোলন ও আন্দোলন দমনে সরকারি পীড়ননীতির কারণে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দেশটি। একটি বিভক্ত দেশ পেছনে রেখে তিনি দেশত্যাগ করলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৩ ঘ.