কায়রো, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- হোসনি মুবারককে এখনও মিশরের প্রেসিডেন্ট এবং তার সাথে যে ধরনের আচরণ করা হচ্ছে তা করার আইনি অধিকার আদালতের নেই।
রোববার মুবারকের আইনজীবী ফরিদ এল দিব এসব কথা বলেন।
২০১১ সালের প্রথম দিকে প্রবল গণঅভ্যুত্থানের মুখে মিশরের ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন মুবারক। এরপর বিভিন্ন অভিযোগে মুবারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মুবারকের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দানের অভিযোগে দায়ের করা মামলার ৫ম ও শেষদিনের শুনানিতে ফরিদ এল দিব এসব কথা বলেন।
মিশরে মুবারকবিরোধী আন্দোলন চলাকালে প্রায় সাড়ে ৮শ’ বিক্ষোভকারীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাদীপক্ষ তার মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে।
ফরিদ এসব অভিযোগ অস্বীকার করে বাদীপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন।
শুনানিতে তিনি বলেন, “হোসনি মুবারক কি এখনও প্রেসিডেন্ট রয়েছেন? আমি বলব, হ্যাঁ। সংবিধান অনুযায়ী তিনি এখনও এ দেশের প্রেসিডেন্ট।
“সংবিধানের একটি ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে, কেবল বিশেষ আদালতের মাধ্যমেই প্রেসিডেন্টকে প্রত্যাহার করা যাবে।”
এসময় মুবারকপক্ষীয়রা হাততালি দিয়ে ‘সৃষ্টিকর্তা মহান’ বলে চিৎকার দিয়ে ওঠে।
সংবিধানের ধারা উল্লেখ করে মুবারকের আইনজীবী বলেন, “সংসদের কেবল দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমতি সাপেক্ষেই প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি করা যাবে এবং একমাত্র বিশেষ ট্রাইবুন্যালই তার বিচার করতে পারবে। আর এ ধারার বিরোধী কোনো আইন থাকলে তাকে প্রত্যাখ্যান করা হবে।”
তিনি জানান, সংবিধান অনুযায়ী মুবারক পদত্যাগ করেন নি। পদত্যাগ করতে হলে তাকে সংসদের কাছে লিখিত পদত্যাগপত্র পাঠাতে হবে।
এসময় উপ-রাষ্ট্রপতির টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতি পড়ে শোনান যেখানে ‘পদত্যাগ’ শব্দ ব্যবহার না করে মুবারক সুপ্রিম মিলিটারি কাউন্সিলের হাতে ‘ক্ষমতা হস্তান্তরের’ কথা উল্লেখ করেছেন।
মুবারকের আইনজীবী বলেন, মুবারক যে বিদ্রোহীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন এমন কোনো প্রমাণ মামলা দায়েরকারীদের কাছে নেই।
“আর এসব তথ্যের ওপর ভিত্তি করে বলা যায় এ আদালত হলো অবৈধ ও এ মামলার শুনানি করতে এ আদালত অনুমতিপ্রাপ্ত নয়। আদালতকে এমন একটি রায় ঘোষণার আহ্বান জানাচ্ছি,” বলেন ফরিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২১৬ ঘ.
bdnews24