ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তার শঙ্কা থেকে ভারত সফর বাতিল করলেও সালমান রুশদি এখন বলছেন, তাকে স্বদেশে যেতে নিরুৎসাহিত করতেই ‘মনগড়া’ হুমকির কথা বলে আসছিলেন গোয়েন্দা কর্মকর্তারা।
যুক্তরাজ্য প্রবাসী ভারতীয় এই লেখকের রাজস্থানে একটি সাহিত্য উৎসবে যোগ দেওয়ার কথা ছিল, তবে তাকে ঢুকতে না দেওয়ার দাবি জানিয়ে আসছিল কয়েকটি মুসলিম গোষ্ঠী।
এর মধ্যেই গত ২০ জানুয়ারি উৎসব আয়োজকরা জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে বুকারজয়ী রুশদি তার সফর বাতিল করেছেন।
সফর বাতিল করলেও রুশদি শনিবার টুইটারে লিখেছেন, তিনি প্রতারণার শিকার হয়েছে।
“রাজস্থান পুলিশ আমাকে যেতে না দেওয়ার পরিকল্পনা করেছিল এবং তাতে সফল হয়েছে। আমি খবর নিয়ে দেখেছি, তারা আমার প্রাণনাশের হুমকির যে কথা বলেছিল, তা ছিল পুরোপুরি ভুয়া। আমার এখন ভীষণ রাগ হচ্ছে,” বলেন তিনি।
তবে পুলিশ কার প্ররোচনায় এই ‘মিথ্যা’ কথা বলেছে, সে বিষয়ে কিছু না জানার কথা জানিয়েছেন রুশদি।
জয়পুরে রোববার শুরু হতে যাওয়া পাঁচ দিনের ওই সাহিত্য উৎসবে যোগ না দেওয়ার কারণ দেখিয়ে এই লেখক আয়োজকদের কাছে পাঠানো বার্তায় বলেছিলেন, “মহারাষ্ট্র ও রাজস্থানের গোয়েন্দা সূত্রগুলো আমাকে জানিয়েছে, আমাকে হত্যার উদ্দেশ্যে আন্ডারওয়ার্ল্ডের ভাড়াটে খুনিরা হয়তো জয়পুর রওনা হয়ে গেছে।”
গোয়েন্দা তথ্য নিয়ে তখনও সংশয় ছিল রুশদির। তবে এরপরও সফর বাতিল করে তিনি বলেন, “আমার কিছু সন্দেহ থাকলেও এমন পরিস্থিতিতে সাহিত্য উৎসবে যোগ দিতে যাওয়া হবে দায়িত্বজ্ঞানহীনতা।”
এই উৎসবে যোগ দিতে রুশদির আসার খবর প্রচার হতেই মুসলিম কয়েকটি গোষ্ঠী রুশদিকে ভারতে ঢুকতে না দিতে বিক্ষোভ জানিয়ে আসছিল।
দেওবন্দ উলুম মাদ্রাসার অধ্যক্ষসহ কয়েকজন ভারতে নিষিদ্ধ স্যাটানিক ভার্সেসের লেখককেও দেশে ঢুকতে না দিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন জানায়। রুশদি সফর বাতিল করার পর এটাকে নিজেদের ‘বিজয়’ হিসেবেও প্রচার করে তারা।
দুই যুগ আগে ‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকেই উগ্র মুসলিমদের রোষাণলে রয়েছেন ৬৫ বছর বয়সি এই লেখক।
ভারতের পাঁচটি রাজ্যে নির্বাচনের আগে রুশদিকে ঢুকতে দিলে মুসলিম ভোটাররা মুখ ফিরিয়ে নেবে- এই শঙ্কা প্রকাশ করে কংগ্রেসের অনেক নেতাও রুশদির আসার বিপক্ষে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০১৫ ঘ.
bdnews24