সানা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আন্দোলনকারী হত্যার বিচার থেকে বিদায়ী প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে অব্যাহতি দিয়ে শনিবার একটি আইন পাশ করেছে ইয়েমেনের পার্লামেন্ট ।
ইয়েমেনে প্রায় এক বছর ধরে সালেহ বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনের ফলে অবশেষে ক্ষমতা থেকে সরে যাচ্ছেন তিনি।
পার্লামেন্টের সংখ্যাগুরু সদস্যদের ভোটে আইনটি পাশ হয়েছে। এতে সালেহকে আইনি সুরক্ষা দেয়া হলেও তার সহযোগীদের পূর্ণ আইনি সুরক্ষা দেওয়া হয়নি।
এছাড়া, আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে পার্লামেন্ট।
নতুন আইনে সালেহকে তার শাসনামলের পূর্ণ মেয়াদে আইনি সুরক্ষা দেয়া হয়েছে এবং এ আইন বাতিল করা বা এর বিরুদ্ধে আপিল করা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৫ঘ.
bdnews24