২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় ইসলামি শরিয়া আইনের দাবিতে মিছিল

লিবিয়ায় ইসলামি শরিয়া আইনের দাবিতে শুক্রবার মিছিল করেছে শ’ শ মুসলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ত্রিপোলি, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় ইসলামি শরিয়া আইনের দাবিতে শুক্রবার মিছিল করেছে শ’ শ মুসলিম। গাদ্দাফি পরবর্তী শাসনব্যবস্থায় ধর্মনিরপেক্ষ দলগুলোর উত্থানের প্রতিক্রিয়ায় এ দাবি উঠেছে বলেই মনে করছেন সংগঠকরা। বিভিন্ন ইসলামিক রাজনৈতিক ও ধর্মীয় দলের তরুণ ও ধার্মিক সদস্যরা কোরআন নিয়ে রাজধানী ত্রিপোলি, বেনগাজি ও সাবায় মিছিল করেছে। ত্রিপোলির আলজেরিয়া চত্বরের মিছিলকারীরা রাজনীতি, ধর্ম, অর্থনীতি ও দৈনন্দিন জীবন নিয়ে গাদ্দাফির ‘গ্রিনবুক’ পোড়ায়। সেইসঙ্গে কোরআনকে দেশের প্রধান আইনি গ্রন্থ হিসেবে প্রনণয়নের দাবি জানায়। ওপর দিকে একই চত্বরে বেসামরিক রাষ্ট্রের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান নিয়ে আছে ধর্ম নিরপেক্ষতা সমর্থনকারী একটি দল। ইসলামপন্থিদের মিছিলের সময় তারাও “আমরা বেসামরিক রাষ্ট্র চাই’ বলে স্লোগান দেয়। কট্টরপন্থি মুসলিম ব্রাদারহুড ও কট্টরপন্থি সালাফিসের সদস্যরা ইসলামপন্থি এ বিক্ষোভকারীদের মধ্যে ছিল এবং এরা কঠোর ইসলামি বিধি-নিষেধ সমর্থন করে। এ মিছিল-সমাবেশের মধ্য দিয়ে লিবিয়ায় ইসলামপন্থি এবং ধর্মনিরপেক্ষ দলগুলোর মধ্যে আগামী নির্বাচনে কঠিন লড়াইয়েরই আভাস পাওয়া যাচ্ছে। এ বছর জুনে লিবিয়ায় ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচিত এ ন্যাশনাল অ্যাসেম্বলি (গণপরিষদ) লিবিয়ার জন্য নতুন একটি সংবিধানের খসড়া তৈরি করবে। তবে সুগংঠিত রাজনৈতিক শক্তি মুসলিম ব্রাদারহুড গাদ্দাফি পরবর্তী লিবিয়ার প্রধান রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫০ঘ.