২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিক্ষিপ্ত সহিংসতা, আরব মিশন নিয়ে সংশয়

সিরিয়ায় শুক্রবার জুমার নামাজের আগে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ এ পরিস্থিতিতে সিরিয়ায় আরব পর্যবেক্ষণ মিশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

আম্মান, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় শুক্রবার জুমার নামাজের আগে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ এ পরিস্থিতিতে সিরিয়ায় আরব পর্যবেক্ষণ মিশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর বাধার কারণে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় নিরাপত্তা বাহিনী ওমারি মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে বাধা দেয়। ১০ মাস ধরে চলমান আসাদ বিরোধী সহিংস বিক্ষোভে এ নিয়ে পরপর পাঁচ শুক্রবার নিরাপত্তা বাহিনীর বাধার মুখোমুখি হয় বিদ্রোহীরা। দসিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, বন্দর নগরী লাতাকিয়ার মসজিদগুলোর আশেপাশে কড়া নিরাপত্তা প্রহরা দেখা গেছে। এছাড়া প্রত্যন্ত কয়েকটি শহরে গোলাগুলির ঘটনাও ঘটেছে। ব্রিটিশ ভিত্তিক ওই মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠী আরো জানায়, দেরায় একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। পক্ষ বদল করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ায় তিনি হত্যার শিকার হন বলেই তাদের ধারণা। ওদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে দুই দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া চার ব্যক্তির লাশ ফেরত দিয়েছে নিরাপত্তা বাহিনী। সিরিয়ায় গণমাধ্যমের ওপর কড়াকড়ির কারণে দেশটিতে কী ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটছে তা যাচাই করা সম্ভব হচ্ছে না। আরব লিগের ১৬৫ সদস্যের পর্যবেক্ষক দল ২৬ ডিসেম্বর সিরিয়ায় যাওয়ার পর থেকে এ পর্যন্ত কি পরিস্থিতি দেখলেন তা প্রতিবেদন আকারে জমা দিয়ে জানানোর জন্য শনিবার কায়রোয় আরব লিগের প্রধান কার্যালয়ে রওনা হচ্ছেন পর্যবেক্ষণ মিশনের প্রধান সুদানের জেনারেল মোহাম্মদ আল-দাবি। সহিংসতা বিক্ষুব্ধ পরিস্থিতিতে সিরিয়ায় পর্যবেক্ষণ মিশন এখনই শেষ করা হবে নাকি এর সময় আরো বাড়ানো হবে সে সিদ্ধান্ত নিতে রোববার কায়রোয় বৈঠকে বসবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা। সহিংসতা বন্ধে আবর লিগের প্রস্তাবিত শান্তি চুক্তি কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা পর্যবেক্ষণের জন্যই ১৬৫ সদস্যের আরব পর্যবেক্ষক দলটিকে সিরিয়ায় পাঠানো হয়েছিলো। সমালোচকরা বলছে, সিরিয়ায় দমনাভিযান চালিয়ে যেতে আসাদ পর্যবেক্ষক মিশনকে কূটনৈতিক বর্ম হিসেবে ব্যবহার করেছেন। জাতিসংঘের হিসাব মতে, দমনাভিযানে এ পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আরব পর্যবেক্ষকরা দেশটিতে যাওয়ার পরও সেখানে নিহত হয়েছে শ’শ’ মানুষ। স¤প্রতি কয়েকমাসে সিরিয়ায় শুরু হয়েছে আসাদ বিরোধী সশস্ত্র বিদ্রোহী তৎপরতাও। হত্যাযজ্ঞ বন্ধ করতে সিরিয়ায় নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরব লিগের আবেদন জানানো উচিত বলে মত দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৫ঘ.