২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি অন্বেষণ বন্ধের আহ্বান হামাসের

ফিলিস্তিনি গেরিলা দল হামাসের দুইজন আইনপ্রণেতাকে ইসরায়েল গ্রেপ্তার করায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তাদের সঙ্গে শান্তি আলোচনার পথ খোঁজার চেষ্টা বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

গাজা, জানুয়ারি ২০ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি গেরিলা দল হামাসের দুইজন আইনপ্রণেতাকে ইসরায়েল গ্রেপ্তার করায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তাদের সঙ্গে শান্তি আলোচনার পথ খোঁজার চেষ্টা বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। এছাড়া হামাসের দাবি, পশ্চিম তীরের নিরাপত্তা নিশ্চিত করতে আব্বাস যেন আর ইসরায়েলিদের সহযোগিতা না করে। গত বৃহস্পতিবার ফিলিস্তিন পার্লামেন্টের স্পিকার ও জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা আজিজ দেইককে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে প্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া বেথেলহেম থেকে খালেদ তাফিস নামে হামাসের আরেকজন পার্লামেন্ট সদস্যকেও আটক করেছে তারা। হামাস জানিয়েছে, দেইককে রামাল্লা শহরের কাছাকাছি এক তল্লাশি চৌকির হাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অভিযোগ, হামাসের নির্বাসিত নেতা খাদেল মেশাল ও আব্বাস তাদের চার বছরের তিক্ত বিরোধ শেষে ফিলিস্তিনের প্রধান দুই রাজনৈতিক দলকে একত্রিত করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা নস্যাৎ করতে ইসরায়েল এ ঘটনা ঘটিয়েছে। আর এ ঘটনার রেশ ধরে জুম্মার নামাজ শেষে হামাসের জ্যেষ্ঠ নেতা হানিয়ে আব্বাসকে ইসরায়েলি আলোচকদের সঙ্গে জর্ডানে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করার আহ্বান জানান। ১৫ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ওই বৈঠক হওয়ার কথা। আব্বাসের কার্যালয় থেকে এ ব্যাপারে কোন তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৭ঘ.