জয়পুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভারত সফর বাতিল করেছেন সালমান রুশদি। এই লেখকের রাজস্থানে একটি সাহিত্য উৎসবে যোগ দেওয়ার কথা ছিল, তবে তাকে ঢুকতে না দেওয়ার দাবি জানিয়ে আসছিল কয়েকটি মুসলিম গোষ্ঠী।
আগামী ২২ জানুয়ারি জয়পুরে পাঁচ দিনের ওই সাহিত্য উৎসব শুরু হচ্ছে। তার একদিন আগে আয়োজকরা যুক্তরাজ্যপ্রবাসী রুশদির না আসার কথা জানান।
রুশদির আসার খবর প্রচার হতেই কয়েকদিন ধরে মুসলিম গোষ্ঠীগুলো তাকে ঢুকতে না দিতে বিক্ষোভ জানিয়ে আসছিল। দুই যুগ আগে ‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকেই উগ্র মুসলিমদের রোষাণলে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ লেখক।
জয়পুর সাহিত্য উৎসবে যোগ না দেওয়ার কারণ জানিয়ে রুশদি আয়োজকদের বলেছেন, “মহারাষ্ট্র ও রাজস্থানের গোয়েন্দা সূত্রগুলো আমাকে জানিয়েছে, আমাকে হত্যার উদ্দেশ্যে আন্ডারওয়ার্ল্ডের ভাড়াটে খুনিরা হয়তো জয়পুর রওনা হয়ে গেছে।”
“গোয়েন্দা তথ্য নিয়ে আমার কিছু সন্দেহ থাকলেও এমন পরিস্থিতিতে সাহিত্য উৎসবে যোগ দিতে যাওয়া হবে দায়িত্বজ্ঞানহীনতা,” বলেন তিনি।
সাহিত্য উৎসবের প্রথম দিনেই ৬৫ বছর বয়সি রুশদির বক্তব্য দেওয়ার কথা ছিল। একথা জেনে দেওবন্দ উলুম মাদ্রাসার অধ্যক্ষসহ কয়েকজন ভারতে নিষিদ্ধ স্যাটানিক ভার্সেসের লেখককেও দেশে ঢুকতে না দিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন জানায়। আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় রাজ্য সরকারও।
ভারতের পাঁচটি রাজ্যে নির্বাচনের আগে রুশদিকে ঢুকতে দিলে মুসলিম ভোটাররা মুখ ফিরিয়ে নেবে- এই শঙ্কা প্রকাশ করে কংগ্রেসের অনেক নেতাও রুশদির আসার বিপক্ষে ছিলেন।
এই বিতর্কের মধ্যেই ভারতে না আসার সিদ্ধান্ত নিজেই জানালে বুকার পুরস্কারজয়ী এই লেখক। রুশদি জয়পুর না এলেও ভিডিও লিঙ্কের মাধ্যমে সাহিত্য উৎসবে অংশ নেবেন Ÿলে উৎসবের পরিচালক উইলিয়াম ডারিম্পল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24